অপরাধ

পিরোজপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

পিরোজপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

ছবি: সংগৃহীত

পিরোজপুরের কাউখালীতে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর তার ঘরের আলমারি ভেঙে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন বেগম ওই এলাকার বাসিন্দা। তিনি সাবেক পুলিশ কর্মকর্তা প্রয়াত কেরামত আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির বাগানে সুপারি পাড়তে আসেন শ্রমিক মাহাফুজ। দীর্ঘ সময় ডাকাডাকি করেও জেসমিনের কোনো সাড়া না পেয়ে তিনি ঘরের ভেতরে যান। সেখানে খাটের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে ঘরের বিভিন্ন মালামাল তছনছ এবং আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি স্বজন ও প্রতিবেশীদের জানানো হলে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান এবং নেছারাবাদ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণয় রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

বিষয়:গৃহবধূ মালামাল লুট শ্বাসরোধে হত্যা হত্যার অভিযোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…