ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির সপ্তম দিনে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩০ জন ফিলিস্তিনি বন্দি। আর হামাস মুক্ত করেছে ১০ জন বন্দিকে।
আল জাজিরা জানিয়েছে, গতকাল ৩০ নভেম্বর স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির সপ্তম দিনে ২ পক্ষ থেকে মোট ৪০ জন বন্দিকে মুক্ত করা হয়। সর্বশেষ মুক্তপ্রাপ্তদের বেশিরভাগই নাবালক।
এছাড়াও এর আগে গাজা উপত্যকায় দেড় মাসের বেশি সময় ধরে বন্দি থাকা ইসরায়েলি দুই নারীকে মুক্তি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তারা হলেন, ফরাসি এবং ইসরায়েলি যৌথ নাগরিক বং মিয়া এসখেম ও আইনজীবী অমিত সুজানা।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আরও জিম্মি মুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন। বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে আন্তর্জাতিক তৎপরতা চলমান রয়েছে।
এ জন্য কাতারের সাথে একযোগে কাজ করছে মিশর। মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইসরায়েল যদি গাজায় আবারও হামলা শুরু করে, তবে অবশ্যই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এদিকে জেরুজালেমের একটি বাস স্টপেজে দুই বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছে। পুলিশের গুলিতে ওই বন্দুকধারীদের মৃত্যু হয়। হামাস জানিয়েছে, হামলাকারীরা তাদের সদস্য।








