শ্রীলঙ্কার উপকূলে অসুস্থ ৪০ ইরানি নাবিক উদ্ধার

ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্ব উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমা থেকে অসুস্থ ৪০ ইরানি নাবিককে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। চিকিৎসা শেষে শনিবার রাতে তাদের বিমানে করে ইরানে পাঠানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে উঠে এসেছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো জানান, শনিবার (২৪ অক্টোবর) ইরানি জাহাজগুলো থেকে জরুরি চিকিৎসাসহায়তা চেয়ে বিপৎসংকেত পাঠানো হয়। এরপর কলম্বোয় ইরানি দূতাবাসের পরিকল্পনায় উদ্ধার অভিযান পরিচালিত হয়। নাবিকদের চিকিৎসায় স্থানীয় জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানসহ কয়েকটি সংস্থা অংশ নেয়।
রদ্রিগো বলেন, আন্তর্জাতিক আইন ও মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসাসেবা দেওয়া শ্রীলঙ্কার দায়িত্ব। তবে এর অর্থ এই নয় যে, দেশটি ইরানের সব জাহাজকে সহায়তা দেবে।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের বেশ কয়েকটি জাহাজ সমুদ্রে আটকা পড়েছে। গত মাসে বিবিসি সিংহলের এক প্রতিবেদনে শ্রীলঙ্কার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ২১টি ইরানি জাহাজের অবস্থানের কথা জানানো হয়।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালিতে কার্যত নৌ চলাচল বন্ধ করে দেয়।
সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে শ্রীলঙ্কা। এর আগে মার্চে যুক্তরাষ্ট্রের টর্পেডো হামলায় শ্রীলঙ্কার উপকূলে ইরানের নৌযান ‘আইরিস ডেনা’ ডুবে গেলে উদ্ধার অভিযান চালায় দেশটি। ওই হামলায় ৮০ জনের বেশি নাবিক নিহত হন।
তবে চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কা জানায়, উপকূলের কাছে থাকা ১৯টি ইরানি জাহাজে খাবার, পানি ও জ্বালানির সংকট দেখা দিলেও তাৎক্ষণিকভাবে সহায়তার পরিকল্পনা নেই। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা জানায় দেশটির কর্তৃপক্ষ।






