ক্রিকেট

ডি থ্রি ট্রফির নিলাম: ২ কোটি পয়েন্ট ছুঁয়ে রেকর্ড করলেন যারা

ডি থ্রি ট্রফির নিলাম: ২ কোটি পয়েন্ট ছুঁয়ে রেকর্ড করলেন যারা

দেশের ঘরোয়া ক্রিকেটে বসতে চলেছে নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির লড়াই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে তিন ফরম্যাটে আয়োজন হবে এটি। ১৫ ডিসেম্বর শুরু হতে চলা প্রথম আসরের নিলাম বসেছে সোমবার সকালে। ‘এ’ ক্যাটাগরির নিলাম থেকে ৬ ফ্র্যাঞ্চাইজির ৫টি দলে নিয়েছে খেলোয়াড়। নিলামে সর্বোচ্চ পয়েন্ট উঠেছে পেসার শরিফুল ইসলামের। তার সাথে ২ কোটি বা বেশি পয়েন্ট পেয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার তানজিদ তামিম।

তবে নিলামে যার যত পয়েন্টই মিলুক, দাম তারা ভিত্তিমূল্যেই পাবেন। ক্যাটাগরি ‘এ’তে যেমন ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪০ লাখ। ২ কোটি পয়েন্ট তোলা শরিফুল-তাসকিন-তানজিদ, এমনকি ৭০ লাখের কেউও এই ক্যাটাগরির হলে ওই ৪০ লাখ টাকা করেই পাবেন টুর্নামেন্ট ফি। অর্থের ক্ষেত্রে কে কতগুলো ম্যাচ খেলতে পারছেন সেটিও গণ্য হবে।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সোমবার সকাল ১০টায় শুরু হয় নিলাম। তিনটি ভিন্ন ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটকে একই ছাতার নিচে নিয়ে আসার উদ্যোগ থেকে ‘ডি থ্রি’ ট্রফির যাত্রা শুরু হচ্ছে। এই প্রতিযোগিতায় থাকছে ৭টি চারদিনের ম্যাচ, ১৬টি ওয়ানডে ও ১৯টি টি-টুয়েন্টিসহ ৪২ ম্যাচ।

নিলামে প্রতিটি দল একজন করে আইকন খেলোয়াড় টানার সুযোগ পেয়েছিল। তাদের মধ্যে ছিলেন মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, নাঈম শেখ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

‘এ’ ক্যাটাগরির নিলাম থেকে ফরচুন গ্রুপ সৌম্য সরকারকে ৭৫ লাখ পয়েন্টে, রিশাদ হোসেনকে ৬০ লাখ পয়েন্টে, নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে এবং তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে কিনেছে। দলটির আইকন খেলোয়াড় হৃদয়।

এইস ব্লু স্টারের আইকন সোহান। দলটি শেখ মেহেদী হাসানকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে, হাসান মাহমুদকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে, নাহিদ রানাকে ৭৫ লাখ পয়েন্টে এবং এনামুল হক বিজয়কে ৯০ লাখ পয়েন্টে কিনেছে।

সেভেন রিংস সিমেন্টের আইকন খেলোয়াড় মুশফিক। তারা তাইজুল ইসলামকে ৮০ লাখ পয়েন্টে, মোস্তাফিজুর রহমানকে ৭০ লাখ পয়েন্টে, সাইফ হাসানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে এবং খালেদ আহমেদকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে কিনেছে।

সিটিজেনস ব্যাংকের আইকন খেলোয়াড় নাঈম শেখ। জাকের আলী অনিককে ১ কোটি ৮০ লাখ পয়েন্টে এবং শরিফুল ইসলামকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে কিনেছে তারা, যা এখন পর্যন্ত নিলাম থেকে কেনা সবচেয়ে বেশি পয়েন্টের খেলোয়াড়।

একমি গ্রুপের আইকন খেলোয়াড় মোসাদ্দেক। দলটি ‘এ’ ক্যাটাগরি থেকে কোন খেলোয়াড় কেনেনি। ওয়ালটন গ্রুপের আইকন খেলোয়াড় মিরাজ। দলটি মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে, লিটন দাসকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে এবং তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনেছে।

আগামী ১৫ ডিসেম্বর টি-টুয়েন্টি সংস্করণের মধ্য দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। জানুয়ারিতে মাঠে গড়াবে চারদিনের ম্যাচের আসর। ২০২৭ সালের মে’তে গড়াবে ওয়ানডে সংস্করণ।

বিষয়:ডি-থ্রি ট্রফি তাসকিন আহমেদ নিলাম শরিফুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…