ফুটবল

বিশ্বকাপ সাফল্যে বড় পুরস্কার পেলেন মিশর কোচ

বিশ্বকাপ সাফল্যে বড় পুরস্কার পেলেন মিশর কোচ

বিশ্বকাপে সাফল্যের পুরস্কার পেলেন হোসাম হাসান। মিশর জাতীয় দলের কোচ হিসেবে তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত মিশরের ডাগআউটে থাকবেন ৬০ বর্ষী কোচ।

২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর হাসানের অধীনে ঘুরে দাঁড়ায় মিশর। সবশেষ ২০২৬ বিশ্বকাপে দলকে শেষ ষোলোতে তোলেন তিনি। তার অধীনেই নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো জয়ের স্বাদ পায় মিশর।

শেষ ষোলোতে অবশ্য আর্জেন্টিনার কাছে থামে তাদের যাত্রা। ম্যাচে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় মিশর। পরে টুর্নামেন্টের ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

বিশ্বকাপের আগেও হাসানের অধীনে সাফল্য পেয়েছে মিশর। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে দলকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। ধারাবাহিক সাফল্য ও উন্নতির ফল হিসেবেই এবার দীর্ঘমেয়াদি চুক্তি পেলেন সাবেক এই মিশরীয় তারকা।

তবে চুক্তি নিয়ে এত দিন ছিল অনিশ্চয়তা। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকেই আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই দায়িত্ব পালন করছিলেন হাসান। গত জুনে নিজেই বিষয়টি জানিয়েছিলেন তিনি। নতুন চুক্তিতে সেই অনিশ্চয়তার অবসান হলো।

২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে শুরু হবে তার নতুন মিশন। আগামী ২৫ সেপ্টেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে দেশটি, চার দিন পর তাদের প্রতিপক্ষ সাউথ সুদান।

বিষয়:কোচ বিশ্বকাপ মিশর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…