ইংলিশ প্রিমিয়ার লিগে ১১৫টি আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে শুনানি শেষ হয়েছে। অপেক্ষা রায়ের। তার আগে গত সপ্তাহে গোলমেশিন আর্লিং হালান্ডের সাথে সাড়ে ৯ বছরের চুক্তি করেছে সিটিজেনরা। এ সম্পর্কে হালান্ডের মনোভাব হল, এটি স্বাভাবিক নয়। ক্লাবের বিরুদ্ধে ১১৫টি আর্থিক অনিয়ম নিয়েও কথা বলেছেন নরওয়ের তারকা ফরোয়ার্ড।
ক্লাব অনিয়মের অভিযোগে শাস্তি পেলে সমাধান কী এমন প্রশ্নে ২৪ বর্ষী হালান্ড বলেছেন, ‘এ সম্পর্কে আমি এখনও কিছু চিন্তা করিনি। আমি আত্মবিশ্বাসী ক্লাব যা করছে সেটা তারা জানে।’
‘পরিশেষে বলতে পারি, সত্যিই জানি না, এ সম্পর্কে খুব বেশি বলতে পারব না, কারণ মাত্র আড়াই বছর হয়েছে এসেছি। ক্লাবের বিষয়ে আমি আত্মবিশ্বাসী।‘
নতুন চুক্তির বিষয়ে ট্রেবলজয়ী তারকা জানান, ‘অবশ্যই চুক্তির যে মেয়াদ তা অস্বাভাবিক। এটা স্বাভাবিক না। এটা আমার পছন্দ হয়েছে। দিনশেষে বিষয়টি দুপক্ষের জন্যই সুখকর হয়েছে। সিদ্ধান্ত নেয়া সহজ ছিল।’
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নয় মৌসুম সময়কালে অনিয়মগুলো সংঘটিত হয়েছিল বলে অভিযোগ তুলেছে প্রিমিয়ার লিগ। চার বছর তদন্তের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিটির বিরুদ্ধে ওঠা অভিযোগ একটি স্বাধীন কমিশনের কাছে পাঠানো হয়।
অভিযোগে রয়েছে, ২০০৯-১০ মৌসুমে সঠিক আর্থিক তথ্য দেয়ার নিয়ম ভেঙেছে সিটি। ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মানেনি। ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত প্রিমিয়ার লিগের মুনাফা ও স্থায়িত্বের (পিএসআর) নিয়ম অনুসরণ করতে ব্যর্থ হয়েছে ক্লাবটি।







