আজ মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশ শিকার নিষিদ্ধ

ছবি সংগৃহীত
মা ইলিশ রক্ষায় আজ (৭অক্টোবর) মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই সময়ে ইলিশ ধরা তো বটেই, পরিবহন, মজুদ ও বিপণনও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা সফল করতে সংশ্লিষ্টরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে আইন বাস্তবায়নে আরও কড়াকড়ি আরোপের দাবি জানিয়েছেন প্রকৃত জেলেরা।
চাঁদপুরের মতলবের ষাটনল থেকে হাইমচর পর্যন্ত পদ্মা-মেঘনার ৬০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সরকারের এই সিদ্ধান্ত সফল করতে আইন বাস্তবায়নে আরও কড়াকড়ি আরোপের দাবি জানিয়েছেন প্রকৃত জেলেরা।
তাদের দাবি, নদীতে কঠোর নজরদারির পাশাপাশি প্রতিটি খালের মুখে কোস্টগার্ডের স্থায়ী চেকপোস্ট বসানো প্রয়োজন। তবে মাঠ পর্যায়ে নৌ-পুলিশের ভূমিকা নিয়ে জেলেদের মাঝে রয়েছে বিস্তর অভিযোগ।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধরা পড়লে মৎস্যজীবীদের সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড এবং স্থায়ীভাবে জেলে কার্ড বাতিল করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে মৎস্য বিভাগ ইতিমধ্যে মাইকিং, লিফলেট বিতরণসহ ব্যাপক প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।
মৎস্য অফিস সূত্রমতে, চাঁদপুরে নিবন্ধিত ৪১ হাজার ৩’শ ৯০ জন জেলে ২৫ কেজি করে চাল দেয়া হবে।






