নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, বাড়ছে নজরদারি

ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার, প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি বাড়ানো এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়াতে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি আরও কঠোর করার নির্দেশনা রয়েছে।
বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রবেশপথ, গাড়ি পার্কিং এলাকা এবং যাত্রী ও দর্শনার্থীদের চলাচলের স্থানগুলোতে বাড়তি নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা যানবাহন নজরে এলে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী যানবাহনে তল্লাশি কঠোর করতে বলা হয়েছে।
একই সঙ্গে বিমানবন্দর থানাকে আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরকেন্দ্রিক সড়ক, সংযোগপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুধু শাহজালাল বিমানবন্দর নয়, দেশের অন্য বিমানবন্দরগুলোতেও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেখানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও নিরাপত্তাব্যবস্থায় কোনো শিথিলতা রাখা যাবে না।
এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার আওতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে। এসব ক্যামেরার মাধ্যমে যানবাহন ও মানুষের চলাচল পর্যবেক্ষণ এবং সন্দেহজনক তৎপরতা শনাক্তের সক্ষমতা বাড়বে।






