নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে সুপারিশ তৈরির জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। আগামী দুই মাসের মধ্যে কমিটিকে সরকারের কাছে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
১৩ অক্টোবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটির অন্য সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক। মন্ত্রিপরিষদ সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটি সভা করতে পারবে এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে তা আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে কমিটি। নির্ধারিত দুই মাসের মধ্যে এসব সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করতে হবে।






