রক্তে শর্করা বাড়লে ৫৫ বছর বয়সেই কমতে পারে স্মৃতিশক্তি: গবেষণা

সংগৃহীত
তরুণ বয়স থেকে মধ্যবয়স পর্যন্ত রক্তে শর্করার মাত্রা ক্রমাগত বাড়তে থাকলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যাদের রক্তে শর্করার মাত্রা প্রায় তিন দশক ধরে ধীরে ধীরে বেড়েছে, ৫৫ বছর বয়সে তাদের স্মৃতিশক্তি, তথ্য প্রক্রিয়াকরণের গতি ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তুলনামূলক কম ছিল। এমনকি টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত না হওয়া ব্যক্তিদের মধ্যেও এ প্রবণতা দেখা গেছে।
গবেষণাটি ‘জার্নাল অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
গবেষকদের মতে, বিপাকীয় স্বাস্থ্য ও মস্তিষ্কের সুস্থতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই ডায়াবেটিস কিংবা স্মৃতিশক্তির সমস্যা দেখা দেওয়ার অপেক্ষা না করে তরুণ বয়স থেকেই রক্তে শর্করার মাত্রার দিকে নজর দেওয়া জরুরি। তবে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধিই সরাসরি মস্তিষ্কের কার্যক্ষমতা কমার কারণ কি না, তা এই গবেষণায় প্রমাণিত হয়নি।
গবেষণায় যা উঠে এসেছে
গবেষকেরা যুক্তরাষ্ট্রের ‘করোনারি আর্টারি রিস্ক ডেভেলপমেন্ট ইন ইয়াং অ্যাডাল্টস’ (কার্ডিয়া) গবেষণায় অংশ নেওয়া ২ হাজার ৮০০ জনের বেশি ব্যক্তির স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন।
১৯৮৫ থেকে ১৯৮৬ সালের মধ্যে গবেষণায় অন্তর্ভুক্তির সময় অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৮ থেকে ৩০ বছর। পরবর্তী প্রায় ৩০ বছর তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়।
এ সময়ে খালি পেটে রক্তে শর্করার মাত্রার পরিবর্তনের ভিত্তিতে অংশগ্রহণকারীদের কয়েকটি দলে ভাগ করেন গবেষকেরা। কারও শর্করার মাত্রা কম ও স্থিতিশীল ছিল, কারও মাঝারি ও স্থিতিশীল ছিল, আবার কারও ক্রমাগত বেড়েছে। পর্যবেক্ষণকালে কয়েকজন টাইপ-২ ডায়াবেটিসেও আক্রান্ত হন।
অংশগ্রহণকারীদের বয়স প্রায় ৫৫ বছর হলে স্মৃতিশক্তি, তথ্য প্রক্রিয়াকরণের গতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা যাচাই করা হয়। পরীক্ষায় দেখা যায়, যাদের রক্তে শর্করার মাত্রা ক্রমাগত বেড়েছে, তারা শর্করার মাত্রা কম ও স্থিতিশীল থাকা ব্যক্তিদের তুলনায় খারাপ ফল করেছেন।
ডায়াবেটিস না থাকলেও রয়েছে ঝুঁকি
গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হলো, শুধু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যেই মস্তিষ্কের কার্যক্ষমতা কমার প্রবণতা দেখা যায়নি। যাদের রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বেড়েছে, কিন্তু ডায়াবেটিস নির্ণয়ের পর্যায়ে পৌঁছায়নি, তাদের মধ্যেও এ প্রবণতা দেখা গেছে।
গবেষণার প্রধান লেখক ও ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলের গবেষক রেজিনা প্যারাডেলা বলেন, আগে ধারণা করা হতো, ডায়াবেটিসজনিত স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির সমস্যা মূলত বেশি বয়সে দেখা দেয়। তবে নতুন গবেষণায় দেখা যাচ্ছে, প্রি-ডায়াবেটিস এবং দীর্ঘদিন ধরে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির সঙ্গেও পরবর্তী সময়ে মস্তিষ্কের কার্যক্ষমতা কমার সম্পর্ক থাকতে পারে।
রক্তে শর্করা বাড়লে মস্তিষ্কে কী ঘটে?
দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে মস্তিষ্কে অক্সিজেন ও পুষ্টি সরবরাহকারী ক্ষুদ্র রক্তনালিগুলোও রয়েছে। সময়ের সঙ্গে এটি মস্তিষ্কের রক্ত সরবরাহ ও স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
এ ছাড়া রক্তে শর্করার উচ্চমাত্রার সঙ্গে ইনসুলিন প্রতিরোধের সম্পর্ক থাকতে পারে। শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি বজায় রাখতে মস্তিষ্কে ইনসুলিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইনসুলিনের কার্যকারিতা কমে গেলে এসব প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
তবে শর্করার মাত্রা বৃদ্ধি কীভাবে মস্তিষ্কের কার্যক্ষমতাকে প্রভাবিত করে, তা বিস্তারিত জানতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
ডায়াবেটিসের সঙ্গে মস্তিষ্কের গঠনগত পরিবর্তনের সম্পর্ক
গবেষণায় অংশ নেওয়া ৬০৫ জনের মস্তিষ্কের এমআরআই স্ক্যানও বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, পর্যবেক্ষণকালে যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, তাদের মস্তিষ্কে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটারের পরিমাণ তুলনামূলক কম এবং সাদা পদার্থ বা হোয়াইট ম্যাটারে অস্বাভাবিক পরিবর্তন বেশি ছিল।
মস্তিষ্কের এ ধরনের গঠনগত পরিবর্তনের সঙ্গে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি কমে যাওয়ার সম্পর্ক রয়েছে বলে আগের বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।
তবে এর অর্থ এই নয় যে ডায়াবেটিসে আক্রান্ত প্রত্যেক ব্যক্তির স্মৃতিশক্তির সমস্যা দেখা দেবে।
মস্তিষ্ক সুস্থ রাখতে তরুণ বয়স থেকেই সচেতনতা জরুরি
গবেষকদের মতে, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখা শুধু ডায়াবেটিস প্রতিরোধেই নয়, দীর্ঘ মেয়াদে মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ হতে পারে।
নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর ওজন বজায় রাখা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে শর্করার মাত্রা বৃদ্ধির বিষয়টি প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব। এতে সময়মতো জীবনযাত্রায় পরিবর্তন ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমে ভবিষ্যতের স্বাস্থ্যঝুঁকি কমানোর সুযোগ তৈরি হয়।





