কর্পোরেট নিউজ

‘হোয়াট উই বিল্ড নেক্সট’ প্রতিপাদ্যে ঢাকায় টেডএক্স বনানী অনুষ্ঠিত

‘হোয়াট উই বিল্ড নেক্সট’ প্রতিপাদ্যে ঢাকায় টেডএক্স বনানী অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে এবং সেই ভবিষ্যৎ নির্মাণে মানুষের ভূমিকা কী হতে পারে, তা নিয়ে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও উদ্ভাবকদের ভাবনা বিনিময়ের মধ্য দিয়ে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে টেডএক্স বনানী। ‘হোয়াট উই বিল্ড নেক্সট’ বা ‘আগামীর নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে মহাকাশ প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা, আইন, নেতৃত্ব ও ক্রীড়াসহ বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও ধারণা তুলে ধরেন ১১ জন বক্তা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার লেকশোর গ্র্যান্ডে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন খাতের শিল্পনেতা, উদ্যোক্তা, উদ্ভাবক ও পেশাজীবীসহ প্রায় ১০০ জন অংশ নেন।

টেড-এর লাইসেন্সের আওতায় স্বাধীনভাবে আয়োজিত টেডএক্স মূলত কমিউনিটিভিত্তিক একটি উদ্যোগ। স্থানীয় প্রেক্ষাপট থেকে উঠে আসা বৈশ্বিক গুরুত্বসম্পন্ন ধারণা তুলে ধরা এবং নতুন চিন্তা, উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক আলোচনার পরিবেশ তৈরি করাই এর লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান, গেম চেঞ্জার ট্রেনিং অ্যান্ড কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা শাহরিয়ার খান, কি অডিট সলিউশনস হাবের প্রতিষ্ঠাতা কাশফিয়া ফিরদৌস, সুপার স্টার গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শেখ সাদী আবদুল মজিদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আবদুল কাদির।

এ ছাড়া বক্তব্য দেন এগিয়ের প্রতিষ্ঠাতা তানিয়া আশরাফ, বায়লা-এর প্রেসিডেন্ট ও মার্চেন্ট বে-এর প্রতিষ্ঠাতা আবরার সায়েম, নামা ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা তানিম জামান, বাংলাদেশের প্রথম নারী আয়রনম্যান ফিনিশার সাজিয়া সুলতানা, ওয়াইজারগেটসের প্রধান নির্বাহী রেফায়েত চৌধুরী এবং এসিআইয়ের গ্রুপ স্ট্র্যাটেজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান খান মুহাম্মদ সাকিফুল আলম।

অনুষ্ঠানে টেডএক্স বনানীর লাইসেন্সধারী ও ইভেন্ট ডিরেক্টর সাইফুল্লাহ খালেদ বলেন, ভবিষ্যতে কী নির্মিত হবে, তার সূচনা হয় বর্তমানের ধারণা বিনিময়ের মধ্য দিয়ে। বিভিন্ন ক্ষেত্রের মানুষের ভাবনা একত্রিত করা, প্রচলিত চিন্তাকে প্রশ্ন করা এবং বিশ্বজুড়ে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে এমন বাংলাদেশি ধারণা তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।

বক্তাদের আলোচনা ছাড়াও অনুষ্ঠানে ছিল PAUSE.dhk-এর বিশেষ অভিজ্ঞতামূলক পর্ব, সরাসরি সংগীত পরিবেশনা ও নৈশভোজ। এসব আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি করে।

আয়োজনটির স্ট্র্যাটেজিক পার্টনার ছিল ইন্টারপোর্ট গ্রুপ। অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ছিল টিআরইউ গ্রুপ ও সুপার স্টার গ্রুপ। ইভেন্ট পার্টনার ছিল ইয়াংশিপ বাংলাদেশ ও হেল্প দ্য ফিউচার।

আয়োজকেরা জানান, টেড-এর পর্যালোচনা ও অনুমোদন সাপেক্ষে বক্তাদের বক্তব্য টেডএক্স-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে অনুষ্ঠানে উঠে আসা ধারণাগুলো বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

প্রথম আয়োজনের মধ্য দিয়ে টেডএক্স বনানী স্থানীয় পর্যায়ে নতুন ধারণা বিনিময়, উদ্ভাবনী চিন্তা এবং ইতিবাচক পরিবর্তনে আগ্রহী মানুষের একটি কমিউনিটি গড়ে তোলার উদ্যোগ শুরু করেছে।

বিষয়:অগ্রদূত অনুষ্ঠিত আগামীর নির্মাণ টেডএক্স বনানী পরিবর্তন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…