আন্তর্জাতিক

ফিলিস্তিনবিষয়ক র‌্যাপোর্টিয়ারকে কেন বিমানবন্দরে আটকে রাখল কোস্টারিকা?

ফিলিস্তিনবিষয়ক র‌্যাপোর্টিয়ারকে কেন বিমানবন্দরে আটকে রাখল কোস্টারিকা?

সংগৃহীত

জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ মানবাধিকার র‌্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজকে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে দেশে প্রবেশে বাধা দিয়েছে কোস্টারিকা। দেশটির রাজধানী সান হোসের আন্তর্জাতিক বিমানবন্দরে এক দিনেরও বেশি সময় আটকে থাকার পর আদালতের নির্দেশে বিমানবন্দর ছাড়ার অনুমতি পান তিনি। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে কোস্টারিকা সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কোস্টারিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিতে দেশটিতে গিয়েছিলেন ইতালীয় আইনজীবী আলবানিজ। কিন্তু সান হোসের হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটকে দেওয়া হয়।

কোস্টারিকার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক সতর্কতা’ জারি থাকার কারণে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

শনিবার ভোরে দেশটির সাংবিধানিক আদালতের রায়ের পর বিমানবন্দর ছেড়ে একটি হোটেলে যাওয়ার অনুমতি পান আলবানিজ। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়।’

কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমের বাদিয়া দাবি করেন, আন্তর্জাতিক সতর্কবার্তার ভিত্তিতে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোরভাবে আইন প্রয়োগ করেছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

এর জবাবে কোস্টারিকার সংবাদমাধ্যম লা নাসিওনকে আলবানিজ বলেন, ‘প্রমাণ থাকলে উপস্থাপন করুন, নইলে বক্তব্যের জবাবদিহি করতে হবে।’

এদিকে আলবানিজকে আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। তিনি কোস্টারিকা সরকারের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

বিমানবন্দরে আটকে থাকায় শুক্রবার অনলাইনে কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ের সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন আলবানিজ। অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি প্রশ্ন তোলেন, তাকে প্রবেশে বাধা দেওয়ার পেছনে মার্কিন অর্থ দপ্তরের নিষেধাজ্ঞার কোনো যোগসূত্র রয়েছে কি না। বিষয়টি তদন্তেরও আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ঘটনায় সরকারের কাছে সিদ্ধান্তের আইনি ভিত্তি জানতে চেয়েছে।

২০২২ সালে জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের দায়িত্ব নেওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছেন আলবানিজ। ইসরায়েলি অর্থনীতি থেকে লাভবান হওয়া মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে কাজ করার অভিযোগে ২০২৫ সালের জুলাইয়ে ট্রাম্প প্রশাসন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলবানিজের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ ও সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগ তুলেছিলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আলবানিজ।

অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত ড্যানি ড্যানন কোস্টারিকার এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

কোস্টারিকার ডানপন্থি প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজের সরকার নিরাপত্তা ও অভিবাসন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। আলবানিজকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা দুই দেশের এই ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটেও আলোচনায় এসেছে।

বিষয়:আলবানিজ ইতালীয় আইনজীবী কোস্টা রিকা জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক দূত প্রবেশে বাধা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…