গাজীপুরে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার আধেপাশা এলাকায় ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বিভিন্ন ধরণের ছাপার কাজ, কার্টুন তৈরি করা হতো। রাত দেড়টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কারখানার ভেতরের কাগজের মধ্যে ছড়িয়ে পড়ে। কাগজ থেকে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়।
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে কারখানাটির তৈরি করা মালামাল, মেশিনপত্র, কাগজের বোর্ড, লাইনার ও মিডিয়াম পেপার রোলসহ সকল মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ জানান, কারখানাটিতে বিপুল পরিমাণ তৈরিকৃত মাল ছিল যা বুধবার ডেলিভারি দেয়ার কাথা ছিল। অগ্নিকাণ্ডে কারখানার প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।








