প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিন ব্যাটে নেমে ভারতীয় বোলারদের চেপে ধরেছে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেডের ২৪১ রানের জুটির কল্যাণে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রানের বড় সংগ্রহ তুলেছে অজিরা। সেঞ্চুরি পেয়েছেন হেড ও স্মিথ। তৃতীয় দিন সকালে ৪৫ রানে অ্যালেক্স কেয়ারি ও মিচেল স্টার্ক ৫ রানে ব্যাটে নামবেন।
ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড। অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে অষ্টম সেঞ্চুরির পর ব্রিসবেনে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন হেড। সেঞ্চুরিসহ ১৫২ রানের ইনিংস খেলেছেন মারকুটে এ ব্যাটার। ১৮টি চার মেরে আউট হয়েছেন বুমরাহ’র বলে।
২৬ ইনিংস পর সেঞ্চুরি পেয়ে অন্যরকম রেকর্ড গড়েছেন আরেক ব্যাটার স্টিভেন স্মিথ। সেঞ্চুরিসহ ১০১ রান করে তিনিও আউট হয়েছেন বুমরাহ’র বলে। এটি তার ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি। এ সেঞ্চুরির মাধ্যমে কিংবদন্তি স্টিভ ওয়াহকে ছাড়িয়ে গেছেন স্মিথ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ৩২ সেঞ্চুরি ছিল ওয়াহ’র। ৪১ সেঞ্চুরি নিয়ে এখনও সবার উপরে তিন বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।
দুর্দান্ত বোলিং করেছেন ভারতের সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার পড়া প্রথম ছয় উইকেটের পাঁচটি নিয়েছেন বুমরাহ। একটি করে উইকেট নিয়েছেন মো. সিরাজ ও নিতিশ কুমার রেড্ডি।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টে বৃষ্টির বাঁধায় প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ১৩.২ ওভার। দুই ওপেনার উসমান খাজা এবং নাথান ম্যাকসুয়েনি ২৮ রান তুলেছিলেন। দ্বিতীয় দিন নেমে এ দুই ওপেনার এবং মার্নাস লাবুশেন দ্রুত বিদায় নিলে হাল ধরেছিলেন হেড-স্মিথ।








