ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জায়গা করে নিতে শনিবার রাতে মাঠে নামছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে মর্যাদার লড়াই।
ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ থেকে প্রতি বছরই নতুন তিন দল ওঠে প্রিমিয়ার লিগে। শীর্ষ দুইয়ে থাকা দুই দল সরাসরি আগেই পৌঁছে গেছে প্রিমিয়ার লিগে। শেষ জায়গাটির জন্য প্লে-অফে লড়েছে ৪ দল। প্রথম প্লে-অফ জিতে ফাইনালে উঠেছে শেফিল্ড ও সান্ডারল্যান্ড।
চ্যাম্পিয়নশিপের ফাইনালকে বলা হয় ফুটবলের সবচেয়ে দামি ম্যাচ। এই ম্যাচ জিতে যেই যাবে প্রিমিয়ার লিগে, তাদের একাউন্টে ঢুকবে ৩০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৬৫ কোটি টাক। প্রিমিয়ার লিগে খেলার সুবাদে সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশীপ ও অন্যান্য খাত থেকে আসে এই বড় অংকের টাকা।
সবশেষ ২০২৩ মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেছিল শেফিল্ড। সান্ডারল্যান্ড শেষবার প্রিমিয়ার লিগে খেলেছিল ২০১৭ মৌসুমে। দুই দলই তাই প্রিমিয়ার লিগে ফেরার জন্য মরিয়া হয়ে ফাইনালে মাঠে নামবে।
বাংলাদেশের হামজা মূলত লেস্টার সিটির খেলোয়াড়, শেফিল্ডে খেলছেন ধারে। মৌসুম শেষে লেস্টারে ফিরে যাবেন, নাকি শেফিল্ড তাকে কিনে নেবে, সেটা আপাতত অজানা। তবে শেফিল্ডের হয়ে মৌসুমের শেষবেলায় এসে গুরুত্বপূর্ণ ম্যাচটাই খেলতে নামছেন তিনি।







