বাংলাদেশ ফুটবলের নতুন রাজপুত্র হামজা দেওয়ান চৌধুরী বিগত ১০ দিন ফুটবল অঙ্গন মাতিয়ে রেখেছিলেন। ১৭ মার্চ দেশে আসার পর আজ ২৭ মার্চ ইংল্যান্ডের পথে রওনা হয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এ তারকা দেশ ছেড়ে যাওয়ার আগে সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে দিয়েছেন।
হামজা দেশ ছাড়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটি ভিডিওবার্তা দিয়েছেন। সেখানে তাকে বলতে শোনা গেছে, ‘শুধুই ধন্যবাদ। যা হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, জুনে আমি আবারও আসব। আমার শারীরিক সুস্থ্যতা এবং সন্তানের জন্য দোয়া করবেন। জুনের দুটি বড় ম্যাচের সময় দেখা হবে।’
সকালে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন। গণমাধ্যমসূত্রে জানা গেছে, সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট এরপর ঐ ফ্লাইটেই পৌনে বারোটার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ঐ ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। এরপর ভারতের বিপক্ষেও একটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। ঘরের মাটিতে হতে যাওয়া ওই ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশের সমর্থকেরা।







