গাজায় চলমান সংঘাতের অবসানের সম্ভাবনা জেগে উঠেছে হামাসের সদিচ্ছার মাধ্যমে। যুক্তরাষ্ট্রের একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে এই প্রস্তাবে সায় দেয়নি ইসরায়েল।
সোমবার (২৬ মে) ফিলিস্তিনের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের পক্ষ থেকে পাঠানো নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস। মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ৭০ দিনব্যাপী একটি যুদ্ধবিরতির সময় নির্ধারণ করা হবে। এছাড়া গাজা থেকে ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহার এবং শত শত ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে অনেকে দীর্ঘ মেয়াদে কারাবন্দি রয়েছেন।
এই প্রস্তাবে হামাস সম্মতি দিলেও, ইসরায়েলি সরকারের পক্ষ থেকে ভিন্ন সুর শোনা গেছে। ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, তেল আবিব এই প্রস্তাব মেনে নেবে না।







