হালান্ডকে কেনা ঘিরে এল ক্ল্যাসিকোর উত্তাপ রিয়াল-বার্সায়

অনিয়মের ১১৫টির মধ্যে ১১৪টি অভিযোগে দোষী পাওয়া গেছে ম্যানচেস্টার সিটিকে। বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে ইংলিশ জায়ান্টরা। এমন পরিস্থিতিতে আলোচনা, ধাক্কা সামলাতে আর্লিং হালান্ডকে ছাড়তে পারে ক্লাবটি। এমন সময়ে খবর, নরওয়ে তারকাকে কিনতে চাচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। এমন জানাচ্ছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
রোমানোর মতে নরওয়েজিয়ান তারকার পরবর্তী গন্তব্য হবে স্পেন। আর অনিয়মের অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমনের পাশাপাশি বিশাল অর্থনৈতিক ক্ষতির ধাক্কায় পড়বে ম্যানসিটি।
ম্যানসিটির সঙ্গে হালান্ডের সম্পর্ক বেশ দৃঢ়। ইংলিশ ক্লাবটির সঙ্গে ২০৩৪ পর্যন্ত চুক্তি আছে তার। নিকট দূর তার দলবদলের সম্ভাবনা কমই। এদিকে হালান্ডের প্রতি স্পেনের দুই জায়ান্টের আগ্রহ নতুন নয়। বরুসিয়া ডর্টমুন্ডে খেলার সময় থেকেই তাকে নেয়ার চেষ্টা করেছে রিয়াল ও বার্সা।
ইংলিশ গণমাধ্যমে খবর, দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহার জুটি হতে পারেন গোলমেশিন হালান্ড। আর রিয়ালে এমবাপের সঙ্গে জুটি জমতে পারে তার। রোমানোও বলছেন, ভবিষ্যতে পরিস্থিতির পরিবর্তনে স্পেনই হতে পারে হালান্ডের সম্ভাব্য গন্তব্য।






