ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবিশ্বাস্য কীর্তি গড়ল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গ্লোবাল সুপার লিগের ফাইনালে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে কেবল ৮৬ রানের লক্ষ্য দিতে পেরেছিল তারা। লো স্কোরিং ম্যাচটিতে দাপুটে বোলিংয়ে ৬ রানে জয় তুলেটানা দ্বিতীয় শিরোপা জিতল গায়ানা। টুর্নামেন্টটি সম্প্রচার করেছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।
প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে গায়ানা। ১৮.৫ ওভারে ৮৫ রানে গুটিয়ে স্বাগতিকরা। জবাবে নেমে ১৮.৩ ওভারে ৭৯ রানে থামে সান ফ্রান্সিসকোর ইনিংস। টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে সর্বনিম্ন মোট রানের রেকর্ড এটি। পাশাপাশি টি-টুয়েন্টি ফাইনালের ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে শিরোপা জয়ের রেকর্ডও।
এর আগে ২০২০ সালে বিগ ব্যাশ লিগের ফাইনালে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ১১৬ রান নিয়ে জয় তুলে নিয়েছিল সিডনি সিক্সার্স। এতদিন এটাই ছিল ফাইনালে কম রান ডিফেন্ড করার রেকর্ড, যেটি ভেঙে দিল গায়ানা।
বোলারদের দাপুটে ম্যাচে গায়ানার হয়ে কেবল তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। ২৩ বলে ২৮ রান করেন ম্যাথিউ ফোর্ড, ৩০ বলে ১৭ রান করেন ডোয়াইন প্রেটোরিয়াস। আর ১১ বলে ১১ রান করেন ইমরান তাহির।
সান ফ্রান্সিসকো বোলোদের মধ্যে অনিরুধ ইম্যানুয়েল ৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নেন। পিটার সিডল ১৮ রানে নেন ৩ উইকেট।
জবাবে নেমে একইভাবে ব্যাটিং বিপর্যয় নামে ইউনিকর্নস লাইনআপে। দুই ব্যাটারই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। ২৮ বলে ৩১ রান করে ওলিভার পিক এবং ২২ বলে ১৩ রান করেন পিটার সিডল।
ওয়ারিয়র্স বোলারদের হয়ে প্রেটোরিয়াস ও মোহাম্মদ নবী নেন তিনটি করে উইকেট। ইমরান তাহির নেন দুই উইকেট।







