টানা পাঁচ ম্যাচ জয় ছিল না ইন্টার মিয়ামির। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শুধু ম্যাচ জেতা নয়, ৭-১ ব্যবধানে জিতেছে ক্লাবটি। বিশাল জয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। করেছেন ৪ গোল, করিয়েছেন একটি। ম্যাচের পর আর্জেন্টাইন অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন নতুন কোচ গিয়েরমো হোয়োস।
রোববার সকালে মেজর লিগ সকারে ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে মন্ট্রিয়লকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মিয়ামি। বড় জয়ে মেসির বড় অর্জন, এই ৩৯ বছর বয়সেও। এখনও দুর্দান্ত পরফরম্যান্স করে চলেছেন। তাকে নিয়ে ম্যাচ শেষে কথা বলছেন কোচ, সতীর্থরা।
ম্যাচ শেষে কোচ হোয়োস বলেছেন, ‘সে এখনও নিজেকে ঠিক সেভাবেই প্রকাশ করে, যেভাবে সে সেই বয়সে প্রকাশ করত (যখন কোচের সাথে তার প্রথম দেখা হয়)। আগের সাথে এখনকার মিলগুলোও অবিশ্বাস্য, তার ফুটবল জ্ঞানের কারণে তার ফুটবল দক্ষতাও আরও বেড়েছে।’
‘কিন্তু সে আসলে একই মানুষ, যে একই ফুটবল পরিস্থিতি নিয়ে বেড়ে উঠেছে। এটাই তাকে সবকিছু জিততে সাহায্য করেছে। সত্যি বলতে, আমি তার মধ্যে খুব আশ্চর্যজনক একটা জিনিস দেখি, স্থায়ী উন্নতি। শুধু সেই বয়সেই নয়। আজ সে অন্য এক বয়সে পৌঁছেছে, এবং সে বেড়েই চলেছে, আরও বড় হচ্ছে। এরজন্য কোন শব্দ অবশিষ্ট নেই।’
‘আমার মনে হয় না সে একজন সাধারণ ফুটবল খেলোয়াড়। ফুটবলের দিক থেকে এবং মানুষ হিসেবে সে কেমন, তা জানতে হলে আপনাকে খুব গভীরভাবে বিশ্লেষণ করতে হবে।’









