বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩ গোলে এগিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। উচ্ছ্বাস প্রকাশে তাই কার্পণ্য করেননি কোচ পেপ গার্দিওলা। শেষ চারে সিটিজেনদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ, কঠিন সেই পরীক্ষা নিয়ে ভাবনাও জানিয়ে রাখছেন পেপ।
একবছর আগে চ্যাম্পিয়ন্স লিগে সেমিতেই রিয়ালের বিপক্ষে হারের স্বাদ পেয়েছিল ম্যানচেস্টার সিটি। এবার সামনে শোধ তোলার সুযোগ।
গার্দিওলা অবশ্য প্রতিশোধ বিষয়টি সামনে আনছেন না। শিরোপা জয় নিয়েই তার সব ভাবনা। ইউরোপসেরার আসরে রিয়াল কতটা বড় ফ্যাক্টর, সেটিও ভুলছেন না। লস ব্লাঙ্কোসরা রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন। গত নয় আসরে পাঁচবার ট্রফি জয়ের কীর্তি গড়েছে।
সবদিক ভেবেই গার্দিওলা বলছেন, ‘সকল ক্লাব জানে, যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান তাহলে রিয়াল মাদ্রিদকে হারাতেই হবে।’
ইতিহাদ স্টেডিয়ামে কোয়ার্টারের প্রথম লেগে বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্নকে ৩-০ গোলে হারিয়েছিল সিটি। ঘরের মাঠে অবশ্য লড়াই করেছে বায়ার্ন, ১-১ গোলে ড্র করেছে। সন্তুষ্টির পাশাপাশি প্রতিপক্ষকে সম্মানও জানাচ্ছেন সিটি কোচ।
‘সিটির সঙ্গে টানা তিনটি সেমিফাইনালে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত। বায়ার্নকে ভিন্নভাবে আশা করিনি। দেখেছেন তারা কতটা ভালো খেলেছে। প্রতিযোগিতাটি কেমন এটাই তা বলে দিচ্ছে। কোয়ার্টারের এই দুটি ম্যাচে আমরা ঠিক মুহূর্তে ভালো অবস্থানে ছিলাম।’
‘দ্বিতীয়ার্ধে আমরা কিছু ক্ষেত্রে সমন্বয় করেছিলাম। এক মিনিট পর থেকে দ্বিতীয়ার্ধে আমরা অনুভব করেছি যে, খেলাটা অনেকবেশি নিয়ন্ত্রণে আছে।’








