টানা চার মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমে মুকুট ধরে রাখতে পারেনি। টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চার ম্যাচে হাতে রেখেই শিরোপা উৎসব করে ফেলেছে লিভারপুল। অলরেডদের জয়ের দিনে ম্যানসিটির প্রাপ্তির খাতা একেবারে শূন্য ছিল না। নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে তারা। তবে লিগ ও ইউরোপসেরার মঞ্চে বাজে পারফরম্যান্সের আক্ষেপে পুড়ছেন পেপ গার্দিওলা। লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়ার দিনে নিজের দলে তুলনাও করলেন মোহাম্মেদ সালাহদের সঙ্গে।
ওয়েম্বলি স্টেডিয়ামে সেমির লড়াইয়ে নটিংহ্যামকে ২-০রে হারিয়েছে ম্যানসিটি। সিটিজেনদের হয়ে গোল করেছেন রিকো লুইস ও জস্কো গাভার্দিওল। ১৭ মার্চ ফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ম্যানসিটি।
ম্যাচ শেষে গার্দিওলার কাছে প্রশ্ন আসে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচে থেকে মৌসুম শেষ করা এবং এফএ কাপের শিরোপা জিততে পারলে ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমে নিজেদের সফল বলবে কিনা? গার্দিওলা বলেছেন, ‘নাহ।’
দলের বর্তমান পরিস্থিতি তুলনা করে ৫৪ বর্ষী স্পেনিয়ার্ড কোচ বলেছেন, ‘এই মৌসুমটা আমাদের একদমই ভালো যায়নি। আমরা লিভারপুলের চেয়ে এক হাজার মিলিয়ন পয়েন্ট পিছিয়ে আছি। এটা কোনভাবেই ভালো কিছু নয়। চ্যাম্পিয়ন্স লিগের দিকে তাকান। আমরা একটি খেলা জিতেছি? দুটি খেলা?’
‘আমরা সবসময়ই একটা মেশিন ছিলাম, কিন্তু ভালো ছিলাম না। আশা করি এপর্যন্ত ক্ষতিটা সামান্যই হয়েছে। এখনও বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ক্লাবকে এখন সঠিক সিদ্ধান্ত নিতে হবে যাতে পরের মৌসুমটা আরও ভালো হয়।’








