চীনের সহায়তায় সরকার বন্ধ কলকারখানা চালু করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১৪ মে) বসুন্ধরা কনভেনশন সিটিতে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী নবায়ন যোগ্য জ্বালানিতে চীনের সহায়তা কামনা করেন।
সম্পদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে।
বাংলাদেশে তৈরি পোশাকের সবুজ কারখানার সাফল্যের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, এক্ষেত্রে বিনিয়োগকারীরা একটি পরিবেশবান্ধব আন্দোলনের সূচনা করেছেন। আগামীতে পোশাকখাতে সবুজায়ন আরও বাড়বে বলে আশা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের বাণিজ্যের আরও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
উল্লেখ্য, গ্রিন টেক্সটাইল শিল্পের সবচেয়ে বিশেষায়িত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা ৬০ টির বেশি টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানিগুলো, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধি দ অংশগ্রহণ করে।
প্রদর্শনীতে পরিবেশবান্ধব ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শন, সেমিনার ও প্যানেল আলোচনায় চীন ও বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। তিন দিনব্যাপী এই প্রদর্শনী আগামী ১৬ মে শেষ হবে।








