স্বস্তির নিঃশ্বাস ফেললেন সালমান

বহু বিতর্ক, একাধিকবার নাম পরিবর্তন এবং দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বলিউড ভাইজান সালমান খান।
২০২০ সালের ভারত-চীন গালওয়ান উপত্যকা সংঘর্ষের ওপর ভিত্তি করে নির্মিত সালমান খানের যুদ্ধভিত্তিক ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ দীর্ঘ আইনি ও রাজনৈতিক বাধা পেরিয়ে অবশেষে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এনওসি ছাড়পত্র পেয়েছে।
প্রাথমিকভাবে ছবিটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গিয়ে এখন ছবিটির দ্রুত মুক্তির পথ পরিষ্কার হয়েছে। ছবিটি আগে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে ঘোষিত হয়েছিল। তবে ভূ-রাজনৈতিক সংবেদনশীলতা ও চীনবিরোধী তীব্র অবস্থানের কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিদেশ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে ছবিটি থমকে যায়।
সরকারি নির্দেশের পর ছবির স্ক্রিপ্টে ব্যাপক পরিবর্তন আনা হয় এবং বেশ কিছু দৃশ্য নতুন করে শুট করা হয়। নতুন সংস্করণে চীনবিরোধী উগ্র মানসিকতা বাদ দিয়ে ভারত-চীনের সম্পর্কের ইতিবাচক ও শান্তির দিকটিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
নতুন এই পরিবর্তিত রূপ দেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন এবং ছবিটি ছাড়পত্র দিয়েছেন।
তথ্য-সম্প্রচার মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পাওয়ার পর সালমান খান ও ছবির প্রযোজনা সংস্থা এখন নতুন মুক্তির তারিখ চূড়ান্ত করার কাজ করছেন। সালমান খান আগামী ১৩ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা করছেন। দীপাবলি উৎসবের আবহকে কাজে লাগিয়ে ছবিটি বড় পর্দায় আনার কথা ভাবছে টিম।
খুব শিগগির ছবিটি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এর কাছে জমার প্রক্রিয়া শেষ করা হবে। চলতি মাসের মধ্যে সেন্সর পারমিশন পেয়ে গেলেই নভেম্বরের মাঝামাঝি সিনেমাটি দেখা যাবে।
সালমান খান ফিল্মস-এর ব্যানারে সালমান খান প্রযোজিত এবং অপূর্ব লাখিয়া নির্দেশিত এই ছবিতে সালমান খানের বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। যুদ্ধের ভয়াবহতার বদলে শান্তির বার্তা নিয়ে তৈরি এই বিগ বাজেট সিনেমাটি ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে আবার তীব্র কৌতূহল তৈরি হয়েছে।






