দেশের বাজারে টানা দুই দফায় আবারো ৫ হাজার ৫৫২ টাকা বেড়ে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা হয়েছে।দেশের ইতিহাসে স্বর্ণের দামে এটাই সর্বোচ্চ রেকর্ড।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকেই এই নতুন দামে বিক্রি হবে স্বর্ণ।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ার কারণে পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা করা হয়েছে।
বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত হবে। তবে মজুরির ক্ষেত্রে গহনার ডিজাইন ও মানভেদে তারতম্য হতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) টানা ৮ দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এরপর সোমবার (২২ সেপ্টেম্বর) ১ম দফায় স্বর্ণের দাম ১ হাজার ৮৮৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা হয়েছিল।








