মাগুরায় হরিশ দত্ত সড়কের একটি বাজারের ৩টি জুয়েলারির দোকান থেকে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। তবে কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন তথ্য দিতে পারেননি দোকান মালিকরা।
১২ ফেব্রুয়ারি সোমবার সকাল ৭টার দিকে এই চুরির ঘটনা ঘটেছে জানিয়ে মাগুরা জেলা জুয়েলার্স সমিতির সভাপতি বিমল কুমার বিশ্বাস বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বাজার ভবনের নিচ তলায় ঢুকে সোহানা জুয়েলার্স, নিউ রেবা জুয়েলার্স ও সুমন জুয়েলার্স নামের ৩টি দোকানের সাটার ভেঙ্গে ভেতরে ঢুকে স্বর্ণালংকার চুরি করে। কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে তার পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে।
তিনি জানান, পাশের ভবনের সাহা ষ্টোর নামের একটি দোকানের সিসিটিভি ফুটেজে ৪ সন্দেহভাজন ব্যক্তিকে সকাল ৭টার দিকে একটি বস্তা ও ব্যাগ হাতে ঐ বাজারে ঢুকতে দেখা গেছে। বাজারের দ্বিতীয় তলার নির্মাণ কাজ শেষ না হওয়ায় এটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। দ্বিতীয় তলা থেকে নিচ তলায় নামার পথের সিঁড়িতে প্রতিবন্ধকতামূলক কোন ফটক নেই। ফলে সহজেই দ্বিতীয় তলায় উঠতে পারলে নিচতলায় চলে যাওয়া সম্ভব। সম্ভবত চোর চক্রটি এ সুযোগ নিয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের একজন জয়দেব কর্মকার জানান, সকালে দোকান খুলতে এসে সাটার ভাঙ্গা দেখতে পাই। একইভাবে অন্য ২ দোকান মালিক দোকান খুলতে এসে সাটার ভাঙ্গা দেখতে পান। এসব দোকান থেকে কী পরিমাণ স্বর্ণ খোয়া গেছে তা নিরুপনের চেষ্টা চলছে।
মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মেহেদি হাসান বলেন, শহরের হরিশ দত্ত সড়কের জুয়েলারি পট্টির ৩টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চুরি সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।







