জনপদ

মাথার গুলির ক্ষত না দেখেই মৃত্যুর ঘোষণা, চিকিৎসককে সাময়িক বরখাস্ত

মাথার গুলির ক্ষত না দেখেই মৃত্যুর ঘোষণা, চিকিৎসককে সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাগুরায় পৌর টার্মিনালে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদল নেতা সাকের হোসেনের প্রাথমিক মেডিকেল পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারনে মাইনুল হাসান নামে এক চিকিৎসককে চাকরি থেকে সাময়িক অব্যাহিত দেয়া হয়েছে। তিনি ওই সময়ে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে জরুরী বিভাগের দায়িত্বে ছিলেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহসিন উদ্দিন ফকির। তিনি জানিয়েছেন, পূজার ছুটি শেষ হলে এ বিষয়ে তদন্ত টিম গঠন করা হবে। আপাতত তাকে সাময়িক অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে।

মোহসিন উদ্দিন ফকির বলেন, সাকেরকে প্রথম যখন হাসপাতালে আনা হয় তখন মাইনুল হাসান দয়িত্বে ছিলেন। তিনি ইসিজি রিপোর্টের ভিত্তিতে সাকেরের মৃত্যু বিষয়টি ঘোষণা করেন। তার মাথার পিছন দিকটা গুলিবিদ্ধ আছে এটি সেই সময় তিনি খেয়াল করেনি। পরবর্তিতে সাকেরকে বাড়ি নিয়ে গোসলের প্রস্তুতির সময় পেছনের ওই অংশটি পরিবারের লোকজন ছিদ্র অবস্থায় দেখতে পান। সেই সুবাদে তাকে আবার হাসপাতালে নিয়ে এলে গুলিবিদ্ধ হয়ে মারা যাবার বিষয়টি নিশ্চিত হয়। প্রাথমিক অবস্থায় মাইনুল হাসান দায়িত্বে অবহেলা করেছেন সংশ্লিষ্ট মহল থেকে এমন অভিযোগ উঠলে তাকে চিঠির মাধ্যমে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে বর্তমান ছুটি শেষে একটি তদন্ত টিম গঠন করে প্রকৃত তথ্য অনুসন্ধান করা হবে।

বৃহস্পতিবার সাকের হত্যার বিচার দাবিতে মাগুরা শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে চিকিৎসকদের অদক্ষতা ও দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন বক্তারা। তাদের দাবি, শুরুতেই সাকেরকে যথাযথভাবে পরীক্ষা করা হলে তাকে দু’বার হাসপাতালে নিতে হতো না। প্রথমবারেই তাঁর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর বিষয়টি শনাক্ত করা সম্ভব হতো। বক্তারা আরও বলেন, মরদেহ গোসল করানোর সময় মাথার পেছনে গুলির ক্ষতটি চোখে না পড়লে এই নৃশংস হত্যাকাণ্ড আড়ালেই থেকে যেত এবং মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কা ছিল।

উল্লেখ্য, বুধবার ভোরে মাগুরা পৌর টার্মিনালের রয়েল কাউন্টারে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রয়েল পরিবহনের কাউন্টার মাস্টার সাকের। এ ঘটনায় বৃহস্পতিবার মাগুরা শহরের তাঁতিপাড়ার বাসিন্দা ও ঢাকা মহানগর যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য রনি শিকদার এবং মাগুরার বুজরুকশ্রীকুন্ডি গ্রামের বাসিন্দা শামীমা তাবাসসুম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়:২৫০ শয্যা হাসপাতাল ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহসিন উদ্দিন ফকির চিকিৎসক অব্যাহতি মাগুরা সাকের হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…