গকেবেরহা টেস্টের প্রথমদিনেই সাউথ আফ্রিকার ৭ উইকেট তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে মধাহ্ন বিরতির আগে প্রোটিয়াদের গুটিয়ে দিয়ে ব্যাট হাতে ভালো দিন পার করেছে তারা।
ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৩৫৮ রানে থেমেছে সাউথ আফ্রিকা। জবাবে নেমে ৩ উইকেটে ২৪২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ১১৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে অ্যাঞ্জেলো ম্যাথুজ (৪০) এবং কামিন্দু মেন্ডিস (৩০) ব্যাটে নামবেন।
প্রথমদিনে ৭ উইকেটে ২৬৯ রান তোলে সাউথ আফ্রিকা। দ্বিতীয় দিনে ৮৯ রান যোগ করে থামে প্রোটিয়া ইনিংস। স্বাগতিকদের সাড়ে তিনশোর বেশির রান সংগ্রহের পথে সেঞ্চুরি করেছেন দুজন। রায়ান রিকেলটন ১০১ এবং কাইল ভেরেইন্নে অপরাজিত ১০৫ রান করেন। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৭৮ রান। বাকিদের কেউ আলো ছড়াতে পারেননি।
লঙ্কানদের হয়ে লাহিরু কুমারা ৪ উইকেট নেন। আসিথা ফের্নান্দো ৩টি এবং বিশ্ব ফের্নান্দো ২টি উইকেট নেন।
জবাবে নেমে ভালো শুরু পেয়েছে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা ৮৯ রান করে আউট হন। আরেক ওপেনার দিমুথ করুণারত্নে ২০ রান করেন। দিনেশ চান্দিমাল করেন ৪৪ রান। পরে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কামিন্দু মেন্ডিস দিন শেষ করেন। ম্যাথুজ ৪০ রানে এবং কামিন্দু ৩০ রানে তৃতীয় দিন ব্যাটে নামবেন।
প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন ও কেশভ মহারাজ একটি করে উইকেট নেন।







