বাংলাদেশ

খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন

খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন

ছবি: সংগৃহীত

খুলনা থেকে ঢাকায় যাতায়াত সহজ ও সময় সাশ্রয়ী করতে আগামী জানুয়ারিতে নতুন বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে নতুন কোচ যুক্ত হওয়ার পর মোংলা-ঢাকা রুটেও ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।

তিনি বলেন, খুলনা-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করে বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারিতেই ট্রেনটির চলাচল শুরু হবে। যাত্রীসেবার মান বাড়াতে নতুন কোচ সংযোজনসহ বিভিন্ন পরিকল্পনাও নেওয়া হয়েছে।

আলী আসগর লবী জানান, ভারত থেকে দ্বিতীয় দফায় নতুন কোচ আসার পর খুলনা-ঢাকা রুটের পাশাপাশি মোংলা-ঢাকা রুটেও নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি মোংলাকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, খুলনা বিভাগের আরও তিনটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার কাজ চলছে। এর অংশ হিসেবে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ের লোকসান প্রসঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, রেল খাতকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। টিকিটের কালোবাজারি বন্ধ, অনিয়ম-দুর্নীতি নিয়ন্ত্রণ, যাত্রীসেবার মান উন্নয়ন এবং আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রেলওয়ের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। পরে স্টেশন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আলী আসগর লবী।

বিষয়:খুলনা রেলওয়ে স্টেশন খুলনা-ঢাকা ট্রেন চালু বিরতিহীন ট্রেন রেলপথ মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…