ফুটবল ম্যাচগুলোতে গোলরক্ষকদের প্রায় সময় বল আটকে রাখতে দেখা যায়। বিশেষ করে প্রতিপক্ষ পিছিয়ে পড়লে সময় নষ্টের জন্য এমনটা করা হত বেশিরভাগ সময়। এবার তা রুখতে নতুন নিয়মের অনুমোদন দিয়েছে দ্য ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। নিয়ম অনুযায়ী কোনো দলের গোলরক্ষক যদি ৮ সেকেন্ডের বেশি সময় নিজের কাছে বল আটকে রাখেন তাহলে প্রতিপক্ষ দলকে কর্নার দেওয়া হবে।
শনিবার আইএফএবি এক বিবৃতিতে নতুন এই নিয়মের কথা জানিয়েছে। নীতিমালার ১২.২ নম্বর অনুচ্ছেদে নতুন করে বলা হয়েছে- যদি কোনো গোলরক্ষক ৮ সেকেন্ডের বেশি বল আটকে রাখেন, তাহলে প্রতিপক্ষ দল কর্নার পাবে। একটি ভিজ্যুয়াল পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন দ্বারা মাঠের রেফারিদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা হবে। ২০২৫-২৬ মৌসুম থেকে এই নিয়মটি কার্যকর হওয়ার কথা রয়েছে।
গত বছরের ডিসেম্বর থেকেই ‘টাইম-ওয়েস্টিং রুল’ নামে নতুন এই নিয়ম নিয়ে কাজ করছিল আইএফএবি। এ ছাড়া আরও বেশ কয়েকটি নতুন নিয়ম ও বিদ্যমান নীতিমালায় সংশোধন এনেছে সংস্থাটি।
নীতিমালার ৩.১০ অনুচ্ছেদ অনুযায়ী শুধুমাত্র অধিনায়করাই রেফারির সঙ্গে কথা বলতে পারবেন। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘উভয়পক্ষের মধ্যে সম্মান ও ম্যাচের স্বচ্ছতা বজায় রেখে অধিনায়ক ও রেফারি পরস্পরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবেন।’
পরিবর্তন আনা হয়েছে ড্রপ বলের নিয়ম ৮.২ অনুচ্ছেদে। সাধারণত রেফারি কোনো কারণে খেলা থামানোর পর পুনরায় খেলা শুরুর নির্দেশ দিতে ড্রপ বলের ব্যবহার করে থাকেন। নতুন নিয়ম অনুযায়ী, পেনাল্টি বক্সের বাইরে যেখানে খেলা থামানো হবে এবং ওই সময় যে দলের নিয়ন্ত্রণে বল ছিল, তাদের সামনেই বল ড্রপ করা হবে। আর যদি রেফারি খেলা থামার আগমুহূর্তে কাদের নিয়ন্ত্রণে বল ছিল সেটি নিশ্চিত না হন, তাহলে শেষবার বল স্পর্শ করা দলের হাতে বলটি তুলে দেয়া হবে।
৯.২ নীতিমালার সংশোধনীতে বলা হয়েছে, যদি কোনো দলের বদলি হওয়া ফুটবলার কিংবা সাময়িক সময়ের জন্য বাইরে যাওয়া খেলোয়াড়ের কেউ বল স্পর্শ করে, এটি অযাচিত উদ্দেশ্য হিসেবে গণ্য হবে। তার বিরুদ্ধে শৃঙ্খলাজনিত পদক্ষেপ না নেয়া হলেও, প্রতিপক্ষ দল একটি ফ্রি-কিক পাবে। এ ছাড়া ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি নিয়মেও পরিবর্তন এসেছে। ভিএআর প্রযুক্তি ব্যবহার করে কোনো জটিল সিদ্ধান্ত নেয়ার পর মাঠেই সেটির ব্যাখ্যা দেয়ার সুযোগ থাকবে রেফারির কাছে।
২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রে গড়াতে চলা ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে এসব নিয়ম কার্যকর হবে।







