সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিফাকের কোচের দায়িত্ব নিয়েছেন ইংলিশম্যান স্টিভেন জেরার্ড। দুই বছরের চুক্তিতে ইত্তিফাকের কোচিং সামলাতে গেলেন অ্যাস্টন ভিলার সাবেক কোচ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আল ইত্তিফাক জানিয়েছে, ‘যেখানে কিংবদন্তিদের পাওয়া যায়। স্টিভেন জেরার্ডকে নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত।’
গতবছরের অক্টোবরে অ্যাস্টন ভিলা ছাড়ার পর কোনো ক্লাবের দায়িত্বে ছিলেন না জেরার্ড। এই সময়ের মধ্যে বিভিন্ন ক্লাবে যোগ দেয়ার ব্যাপারে আলোচনা চললেও দায়িত্ব নেননি ৪৩ বর্ষী কোচ। গতমাসে সৌদি ভ্রমণের পর আল ইত্তিফাকের থেকে প্রস্তাব পেয়েছিলেন, সেসময় আলোচনা বেশিদূর টানেননি। গত সপ্তাহে নতুন করে ক্লাবটির সঙ্গে আলাপ শুরু হয়। শেষপর্যন্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন সৌদি যাওয়ার।
২০১৬ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন সাবেক এ মিডফিল্ডার। পরে কোচ হিসেবে ২০১৮ সালে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের দায়িত্ব নেন। কোচিং ক্যারিয়ার সেই শুরু জেরার্ডের। ২০২০-২১ মৌসুমে তার হাত ধরে ১০ বছরের মধ্যে নিজেদের প্রথম স্কটিশ প্রিমিয়ারশিপের শিরোপা জেতে রেঞ্জার্স।
এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার কোচিংয়ের দায়িত্ব নেন জেরার্ড। গত অক্টোবরে তাকে বরখাস্ত করা হয়। ফেব্রুয়ারিতে ফরাসি কোচ প্যাট্রিস কার্টেরন আল ইত্তিফাকের দায়িত্ব ছাড়ার পর স্থায়ী ম্যানেজার ছাড়াই মৌসুম শেষ করেছে ক্লাবটি। চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের চেয়ে ৩৫ পয়েন্ট পিছিয়ে টেবিলের সাতে থেকে গত মৌসুম শেষ করেছে আল ইত্তিহাদ।







