ফিফা অনূর্ধ্ব-২০ মেয়েদের ফুটবল বিশ্বকাপে জার্মানির কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। শুক্রবার রাতে কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে হওয়া ম্যাচে জার্মানদের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত দলটি। খালি হাতে আসর থেকে বিদায় নিতে হল আলবিসেলেস্তে মেয়েদের।
শেষ ষোলোর ম্যাচে খেলতে নেমে প্রথম থেকেই আর্জেন্টাইন মেয়েদের উপর চড়াও হয় জার্মান মেয়েরা। প্রথমার্ধেই তারা লাতিন মেয়েদের জালে ৪ গোল দিলেও বিপরীতে আর্জেন্টাইনরা মাত্র একটি গোল দিতে পারে। প্রথমার্ধের স্পষ্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি জার্মানদের।
দ্বিতীয়ার্ধে আরও এক গোলের দেখা পায় জার্মান মেয়েরা। শেষ পর্যন্ত ৫-১ গোলের বিশাল ব্যবধান নিয়ে শেষ আটে চলে যায় জার্মানি। এর আগে গ্রুপ পর্বে তৃতীয় হয়ে কোনো মতে শেষ ষোলোতে এসেছিল তারা।
জার্মানির হয়ে জোড়া গোল করেন নাচতিগাল। একটি করে গোল করেন জানজিন, ব্যান্ডের ও জিকাই। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন লোম্বারডি ল্যারের।
শেষ আটের লড়াইয়ে টিকে আছে ব্রাজিল। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই যার প্রথমটিতে লড়বে ব্রাজিল ও নর্থ কোরিয়া।







