যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজার পশ্চিম ও দক্ষিণ তীরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় শিশুসহ কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৮৭ ফিলিস্তিনি।
রোববার (২৩ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথম হামলাটি উত্তর গাজা শহরের একটি গাড়িতে আঘাত হানে। এরপর কেন্দ্রীয় দেইর এল-বালাহ এবং নুসাইরাত শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়।
গাজার আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মান্নার মতে, গাজা শহরে ড্রোন হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়। শহরের রেমাল এলাকায় এটি ঘটে। দেইর এল-বালাহে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় এক মহিলাসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলের হামলায় ৩শ ১৮ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে ৭শ ৮৮ জন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দক্ষিণ গাজায় হামাসের একজন সশস্ত্র সদস্য ইসরাইল নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে সৈন্যদের উপর গুলি চালায়। এর জবাবে হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। যার ফলে হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
এদিকে গাজায় স্থায়ী সমাধানের লক্ষ্যে সহযোগিতার আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।







