বকেয়া বেতন ও ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা।
সোমবার (২ জুন) সকাল থেকে তেঁতুলঝোড়া ইউনিয়নের নাজিমনগর এলাকায় অবস্থিত বসুন্ধরা গার্মেন্টসের শত শত শ্রমিক সড়কে অবস্থান নেন।
অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা ও যানবাহনের চালকেরা। অনেক বাস ও পণ্যবাহী ট্রাক দীর্ঘ সময় আটকে থাকে।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, মাসের পর মাস পার হলেও তারা বেতন-ভাতা পাচ্ছেন না। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে তারা রাস্তায় নামেন।
খবর পেয়ে হেমায়েতপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে বেলা প্রায় ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।








