শুক্রবার ওটিটিতে মুক্তি পেল দক্ষিণের ৬ সিনেমা-সিরিজ

দক্ষিণ ভারতীয় সিনেমা ও সিরিজপ্রেমীদের জন্য নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে নেটফ্লিক্স, সনি লিভ, জি৫ ও জিওহটস্টারে মুক্তি পাচ্ছে ছয়টি নতুন সিনেমা ও ওয়েব সিরিজ।
তামিল, তেলুগু ও মালায়ালাম ভাষার এসব কনটেন্টে থাকছে রোমান্টিক ফ্যান্টাসি, অপরাধ, রহস্য, ভৌতিক গল্প ও কমেডির স্বাদ।
নতুন মুক্তির তালিকায় রয়েছে ‘সিগমা’, ‘আক্কা’, ‘ইমমর্টাল’, ‘রুদ্রবনম পিএস’, ‘লাভ অলওয়েজ’ এবং ‘আভারাচান অ্যান্ড সন্স’। প্রতিটি সিনেমা ও সিরিজের গল্প এবং অভিনয়শিল্পীদের নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
লাভ অলওয়েজ
জিওহটস্টারে মুক্তি পাচ্ছে তামিল রোমান্টিক ফ্যান্টাসি সিনেমা ‘লাভ অলওয়েজ’। বিচ্ছেদের দ্বারপ্রান্তে থাকা এক দম্পতিকে ঘিরে এর গল্প। অদ্ভুত এক ঘটনার মধ্য দিয়ে তারা নিজেদের অতীতের সংস্করণের মুখোমুখি হয়। সিনেমাটিতে অভিনয় করেছেন গৌরী জি কিশান, রমজান মুহাম্মদ, জয়প্রকাশ, জয়সুধা ও মায়া কৃষ্ণন। কোরিয়ান ওয়েবটুন ‘হিয়ার উই গো এগেইন’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
রুদ্রবনম পিএস
জি৫-এ মুক্তি পাচ্ছে তেলেগু গোয়েন্দা ও অপরাধনির্ভর সিরিজ ‘রুদ্রবনম পিএস’। এতে সাব-ইন্সপেক্টর শিবকুমার চরিত্রে অভিনয় করেছেন নরেশ আগস্ত্য। একটি গ্রামের সোনার ডাকাতির তদন্ত করতে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে নামেন তিনি। একপর্যায়ে জঙ্গলে উদ্ধার হয় মস্তকবিহীন একটি মরদেহ। এরপর স্থানীয় রাজনীতি ও পুরোনো নানা গোপন রহস্যের জট খুলতে গিয়ে জটিল পরিস্থিতির মুখোমুখি হন এই পুলিশ কর্মকর্তা।
সিগমা
নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তামিল অ্যাকশন সিনেমা ‘সিগমা’। অভিনেতা বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে এই সিনেমার মাধ্যমে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ কিশান। আরও রয়েছেন ফারিয়া আবদুল্লাহ, রাজু সুন্দরম, সম্পথ রাজ ও শিব পণ্ডিত। সংগীত পরিচালনা করেছেন থামান। লাইকা প্রোডাকশনসের প্রযোজনায় নির্মিত সিনেমাটি তামিলের পাশাপাশি তেলেগু ও হিন্দি ভাষাতেও দেখা যাবে।
আভারাচান অ্যান্ড সন্স
মালয়ালম ভাষার কমেডি-ড্রামা ‘আভারাচান অ্যান্ড সন্স’ মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। গল্পের কেন্দ্রে রয়েছেন আভারাচান নামের এক ব্যক্তি, যার বেপরোয়া কর্মকাণ্ডের কারণে প্রায়ই বিপাকে পড়তে হয় তার দুই ছেলে জেইসন ও জেইমনকে। একটি কেলেঙ্কারির ঘটনার পর উপকূলীয় এলাকা চেল্লানাম ছেড়ে উত্তর কেরালায় বড় বোন এলিয়াম্মার বাড়িতে আশ্রয় নিতে হয় তাকে। এরপর নতুন পরিবেশ ও সাংস্কৃতিক পার্থক্য ঘিরে নানা ঘটনা ঘটতে থাকে। সিনেমাটিতে অভিনয় করেছেন বিজু মেনন, শ্রীনাথ ভাসি, গণপতি, গ্রেস অ্যান্টনি, আখিলা ভার্গবন ও বিনয় ফোর্ট।
ইমমর্টাল
সনি লিভে মুক্তি পাচ্ছে তামিল রোমান্টিক হরর সিনেমা ‘ইমমর্টাল’। এতে অভিনয় করেছেন জি ভি প্রকাশ কুমার ও কায়াদু লোহর। পরিচালনায় রয়েছেন মারিয়াপ্পান চিনা। সিনেমার গল্পে ম্যাগি নামের এক তরুণ ছাপাখানায় কাজ করেন। আর্থিক সংকটের কারণে কম ভাড়ায় থাকার জায়গা খুঁজছিলেন তিনি। এ সময় সিন্ধু নামের এক রহস্যময় নারী তাকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার প্রস্তাব দেন। সেখানে ওঠার পর থেকেই ঘটতে থাকে অস্বাভাবিক নানা ঘটনা। ধীরে ধীরে সিন্ধুর অতিপ্রাকৃত পরিচয় সামনে আসে। তবে ম্যাগির প্রতি তার অনুভূতি সত্যিকারের হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
আক্কা
নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে কীর্তি সুরেশ ও রাধিকা আপ্তে অভিনীত সিরিজ ‘আক্কা’। আশির দশকের প্রেক্ষাপটে কাল্পনিক শহর পের্নুরুকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এর গল্প। সেখানে নারীদের পরিচালিত একটি স্বর্ণপাচার চক্রের আধিপত্য রয়েছে। চক্রটির প্রভাবশালী নেত্রী ভবানী চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। অন্যদিকে রুদ্র চরিত্রে রয়েছেন রাধিকা আপ্তে। ভবানীর আধিপত্যের অবসান ঘটাতে চান বিদ্রোহী রুদ্র। একসময় একই গোষ্ঠীর অংশ থাকা এই দুই নারীর দ্বন্দ্ব ধীরে ধীরে তীব্র হয়ে ওঠে। সিরিজটির লেখক ও পরিচালক ধর্মরাজ শেঠি।
সব মিলিয়ে ৩০ অক্টোবরের মুক্তির তালিকায় রয়েছে ভিন্ন স্বাদের ছয়টি দক্ষিণ ভারতীয় আয়োজন। রহস্য ও অপরাধনির্ভর গল্প থেকে শুরু করে রোমান্স, কমেডি ও ভৌতিক কাহিনি—বিভিন্ন ঘরানার দর্শকদের জন্য থাকছে পছন্দের সুযোগ। দ্য স্টেটসম্যান






