জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের দীর্ঘদিনের গণরুম সংস্কৃতি এখন আর নেই। ৫৩ তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা ক্লাস শুরুর একদিনে আগে সবাই হলে সিট পেয়েছে। তাদের ক্লাস শুরু হবে ২০ অক্টোবর থেকে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্রদের ৩টি এবং ছাত্রীদের জন্য ৩টি নতুন নির্মিত ৬টি আবাসিক হলসহ ২১টি আবাসিক হলে নবীন শিক্ষার্থীরা প্রত্যেকেই নিজ নিজ সিট পাচ্ছে। নবীন শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের নির্ধারিত আবসিক হলে উঠতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন আবাসিক হলে গিয়ে হল প্রশাসনের সঙ্গে নবীন শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছে।
নবীন শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে প্রথম দিনেই হলে সিট পেয়ে তারা খুশি। নবীন শিক্ষার্থীদের সঙ্গে আগত তাদের অভিভাবকগণ জানিয়েছেন, হলগুলোর আবাসন ব্যবস্থায় তারা সন্তুষ্ট। স্বস্তির সঙ্গে তারা বাড়ি ফিরে যাবেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন প্রতিটি শিক্ষার্থীর আবাসিক ব্যবস্থা নিশ্চিত করে তাদের ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করেন।
এ ব্যাপারে উপাচার্য বলেন, নবীন শিক্ষার্থীরা তাদের নিজ নিজ হলে প্রথম দিনেই সিট পাবে-এটা তাদের অধিকার। এই অধিকার নিশ্চিত করতে পেরে তার প্রশাসন আনন্দিত। তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তার প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। আবাসিক হলে এবং অ্যাকাডেমিক ভবনগুলোতেও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে তার প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
অটোরিক্সা এবং অন্যান্য যানবাহনের নিদির্ষ্ট গতিসীমা মেনে সতর্কতার সঙ্গে চলাচল করার আহ্বান
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বা অনুমোদনকৃত অটোরিক্সা চলাচল করতে পারবে। অনুমোদনবিহীন অটোরিক্সা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলাচল করতে পারবে না। অনুমোদনকৃত অটো রিক্সাগুলোতে নিদির্ষ্ট গতিসীমা মেনে চলতে হবে এবং নির্ধারিত ভাড়া নিতে হবে। অন্যথায় প্রমাণ সাপেক্ষে তাদের নিবন্ধন বাতিল করা হবে। বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মোটরসাইকেল এবং অন্যান্য যান চলাচলেও নিদির্ষ্ট গতিসীমা মেনে সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দেয়া হয়েছে।









