বিনোদন

ফরাসি-বাংলা সংগীতের মেলবন্ধনে মুগ্ধ দর্শক

ফরাসি-বাংলা সংগীতের মেলবন্ধনে মুগ্ধ দর্শক

ফরাসি অপেরার ধ্রুপদি সুরের সঙ্গে বাংলা সংগীত ও ঐতিহ্যবাহী যাত্রাপালার আবেগের মেলবন্ধনে ঢাকায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক সাংস্কৃতিক আয়োজন। ফরাসি ও বাংলা সংস্কৃতির এই মেলবন্ধনে সংগীতের ভিন্নধর্মী পরিবেশনা উপভোগ করেছেন দর্শক-শ্রোতারা।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয় বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের সংগীতানুষ্ঠান ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, ফরাসি লেখক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় আয়োজিত ‘ফরাসি সপ্তাহ’ (সেমেইন ফ্রঁসেজ)-এর উদ্বোধনী আয়োজন ছিল এটি।

ফরাসি-বাংলা সংগীতের মেলবন্ধনে মুগ্ধ দর্শক

একই সঙ্গে ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী আয়োজন হিসেবেও অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং ঢাকাস্থ ফরাসি দূতাবাসের সহযোগিতায় যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)। ভেন্যু পার্টনার ও হোস্ট হিসেবে ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

অনুষ্ঠানের শুরুতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত চিত্রকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রশিল্পী রাশেদ খান, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন ও পিয়ানোবাদক ফ্যাব্রিস মেইত্রে।

তারা শিল্পী রাশেদ খানের ‘নদীর গল্প’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেন। পরে প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

ফরাসি-বাংলা সংগীতের মেলবন্ধনে মুগ্ধ দর্শক

মূল অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সেক্রেটারি জেনারেল মারুফ কবির। এরপর ক্লাবের সভাপতি সংগীতশিল্পী সুজিত মোস্তফা ক্লাবের কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের প্রেক্ষাপট ও ফরাসি-বাংলা অপেরার এই বিশেষ সংমিশ্রণের তাৎপর্য ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজক ও শিল্পীদের অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন। ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলেও তাঁর বক্তব্যে দুই দেশের দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

বক্তব্য পর্ব শেষে মঞ্চে আসেন ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন ও পিয়ানোবাদক ফ্যাব্রিস মেইত্রে। ভেরোনিকের অপেরাধর্মী কণ্ঠের সঙ্গে পিয়ানোয় সুর তোলেন ফ্যাব্রিস। ফরাসি, আমেরিকান ও ইতালীয় এই তিন ধারার সংগীত নিয়ে সাজানো হয়েছিল তাদের পরিবেশনা।

ফরাসি পর্বে ‘কারমেন’ ও ‘লা বেল হেলেন’, আমেরিকান পর্বে ‘পোরগি অ্যান্ড বেস’, ‘ক্যান্ডিড’ ও ‘মাই ফেয়ার লেডি’ এবং ইতালীয় পর্বে ‘টোসকা’ ও ‘লা ট্রাভিয়াটা’র নির্বাচিত অংশ পরিবেশন করেন তারা।

পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাপালার সুর ও আবেগও যুক্ত হয় পরিবেশনায়। এতে ফরাসি অপেরার ধ্রুপদি সংগীতের সঙ্গে বাংলা সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন তৈরি হয়।

অনুষ্ঠানে বেশ কিছু পরিবেশনা ফরাসি ভাষায় হওয়ায় প্রতিটি পরিবেশনার আগে শিল্পীরা ইংরেজিতে সংশ্লিষ্ট অপেরার কাহিনি, চরিত্র ও প্রেক্ষাপট সংক্ষেপে তুলে ধরেন। ফলে ভাষাগত দূরত্ব সত্ত্বেও গানের মর্ম, প্রেম, বিরহ, যুদ্ধ, মৃত্যু ও মানবজীবনের নানা অনুভূতি সহজেই উপলব্ধি করতে পেরেছেন দর্শকরা।

ফরাসি-বাংলা সংগীতের মেলবন্ধনে মুগ্ধ দর্শক

অধিকাংশ পরিবেশনায় কণ্ঠ দেন ভেরোনিক পেইন। অন্যদিকে গানের ফাঁকে ফাঁকে পিয়ানোয় একক পরিবেশনার পাশাপাশি গানও শোনান ফ্যাব্রিস মেইত্রে।

আয়োজনের শেষদিকে দুই ফরাসি শিল্পী বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ পরিবেশন করেন। এ সময় উপস্থিত দর্শক-শ্রোতারাও দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কণ্ঠ মেলান।

অনুষ্ঠান শেষে সংস্কৃতিমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী শিল্পী রাশেদ খান এবং সুজিত মোস্তফাকে সঙ্গে নিয়ে চিত্রকর্ম প্রদর্শনীটি ঘুরে দেখেন। পরে আমন্ত্রিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

আয়োজনটি সফল করতে সহযোগিতার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, ঢাকাস্থ ফরাসি দূতাবাস ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।

পাশাপাশি টিকিটিং পার্টনার গেট সেট রক, অনলাইন পার্টনার চ্যানেল আই এবং পিয়ানো ও মিউজিক পার্টনার ইয়ামাহাকে ধন্যবাদ জানানো হয়।

বিষয়:জঁ-মার্ক সেরে-শারলে নিতাই রায় চৌধুরী ফরাসি অপেরা বাংলা অপেরা বাংলা যাত্রাপালা বাংলাদেশ-ফ্রান্স সাংস্কৃতিক সম্পর্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…