বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইল ঢাকা

রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইল ঢাকা

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চেয়েছে বাংলাদেশ। এ প্রক্রিয়ায় দেশটির অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার ২২ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরে থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

গত ১৯ নভেম্বর ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় আইসিজের দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে থাইল্যান্ডের সহযোগিতা গুরুত্বপূর্ণ। জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে তার দেশের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। ২০২৭ সালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে থাই রাষ্ট্রদূত বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

এ সময় চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যাওয়া বাংলাদেশি নাগরিকদের সহায়তার জন্য দেশটির প্রশংসা করেন হুমায়ুন কবির। যেসব রোগীকে বারবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে হয়, তাদের মাল্টিপল এন্ট্রি ভিসা সহজ করার অনুরোধ জানান তিনি। রাষ্ট্রদূত এ ধরনের রোগীদের ভিসা দেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহে থাইল্যান্ডের সমর্থনের জন্য ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন থাই রাষ্ট্রদূত চিরাসাওয়াদি।

বিষয়:আইসিজে আন্তর্জাতিক বিচার আদালত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর ররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…