ফ্রান্সে একটি প্রীতি ম্যাচ চলাকালে দুদলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন নারী রেফারি মাথিলদে দেমোঁসে। মাথায় আঘাত পাওয়ায় শেষপর্যন্ত ম্যাচ পরিচালনার দায়িত্ব চালিয়ে যেতে পারেননি ২৬ বর্ষী এ ম্যাচ কর্মকর্তা।
শনিবার পূর্ব ফ্রান্সের ফবাখে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরাসি ক্লাব মেস এবং নেদারল্যান্ডসের ফরচুনা সিটার্ড। ম্যাচের ৪০ মিনিটে মাঝমাঠে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়।
পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে বিশৃঙ্খলার মধ্যে ভারসাম্য হারিয়ে পেছন দিকে মাটিতে পড়ে যান মাথিলদে। পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘটনার পর কয়েক মিনিট মাঠেই শুয়ে থাকেন তিনি। পরে চিকিৎসাকর্মী, নিরাপত্তাকর্মী ও অন্যান্য ম্যাচ কর্মকর্তারা দ্রুত মাঠে এসে তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন।
ঘটনাটির একটি ব্যতিক্রমী দিক ছিল, পুরো ঘটনাটি ঘটে মাঠের পাশে থাকা ‘রেফারিকে সম্মান করুন’ লেখা একটি বড় সাইনবোর্ডের ঠিক সামনে।
চিকিৎসা শেষে খেলা আবার শুরু হলে মাথিলদে কিছু সময়ের জন্য সহকারী রেফারির দায়িত্ব পালন করেন। তবে বিরতির পর শারীরিক অসুস্থতার কারণে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর তার পরিবর্তে অন্য একজন সহকারী রেফারি ম্যাচের বাকি দায়িত্ব পালন করেন।
ম্যাচে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় ফরাসি ক্লাব মেস। তবে ম্যাচের ফলাফলের চেয়ে রেফারির আহত হওয়ার ঘটনাই বেশি আলোচনায় আসে।







