ফুটবল

মুরাসকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে ফর্টিস এফসি

ফর্টিস এফসি দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফর্টিস এফসি দলের খেলোয়াড়রা মাঠে জয়ের আনন্দে একসঙ্গে উদযাপন করছে, বাংলাদেশি ফুটবল দলের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি স্টেজ বা প্লে-অফ পর্বে ১-০ গোলের জয় পেয়েছে ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় হওয়া ম্যাচটিতে ফর্টিস হারিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে। এ জয়ের ফলে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ক্লাবটি। 

কিংস অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটের মাথায় প্রথম বিপজ্জনক সুযোগটি তৈরি করে ফর্টিস এফসি। ডান উইং দিয়ে দ্রুত গতিতে উঠে প্রতিপক্ষের ডি বক্সে পিনপয়েন্ট ক্রস বাড়ালেও মুরাস ইউনাইটেডের গোলরক্ষকের চমৎকার সেভে সে যাত্রায় গোল বঞ্চিত হয় ফর্টিস। প্রথমার্ধে দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমিয়ে তুললেও শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বাড়ায় দুদল। মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে শারীরিক লড়াই। ৫২ মিনিটের সময় আসে কাঙ্খিত সেই মুহূর্ত, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম গোল করে ১-০ গোলে এগিয়ে দেন ফর্টিসকে। ৬০ মিনিটের দিকে মুরাস ইউনাইটেড দূরপাল্লার জোরালো শটে গোল করার চেষ্টা করলেও ফর্টিসের গোলরক্ষক দূরদর্শিতার বেঁচে যায় বাংলাদেশের ক্লাব।

গোল হজম করার পর মুহুমুর্হ আক্রমণ করে মুরাস। ৭৫ মিনিটের সময় পেনাল্টি আদায় করে নিলেও তা গোলে পরিণত করতে পারেনি কিরগিজস্তানের ক্লাবটি। ম্যাচের শেষ ১৫ মিনিটে খেলায় নানা নাটকীয়তা হয়। ফর্টিসের খেলোয়াড়েরা বেশ কয়েকবার চোটে পড়েন, নাটকীয়তা চলেও বেশ খানিকটা সময়। পরে মুরাস আর কোনো সুযোগ তৈরি করতে না পারলে ১-০ গোলের জয়ে চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নেয় ফর্টিস।

বিষয়:ইব্রাহিম এএফসি এএফসি চ্যালেঞ্জ লিগ কিরগিজস্তান ফর্টিস বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…