সাবেক সচিব লতিফুল বারি মারা গেছেন

ছবি: সংগৃহীত
সাবেক সিএসপি কর্মকর্তা এবং সরকারের সাবেক সচিব কাজী গোলাম মুরশেদ লতিফুল বারি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৩৩ সালের ৭ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। কর্মজীবনে লতিফুল বারি বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন আইজেনহাওয়ার ফেলো হিসেবে পরিচিত ছিলেন।
এছাড়াও, দেশের ইতিহাস ও ভূগোলে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ১৯৭৯ সালে যশোর ও বগুড়া জেলার মানচিত্র সম্পাদনার গুরুদায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন ভ্রমণপ্রিয়। দেশ ও সমাজের প্রতি অবিচল নিষ্ঠা ও সততার জন্য তিনি সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।
তার মৃত্যুতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এবং সাবেক সিএসপি কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।






