মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, আজ (১১ মার্চ) মঙ্গলবার ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফিলিপাইন সরকার এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হংকং থেকে দেশে আসার পর আইসিসির নির্দেশে পুলিশ দুতার্তেকে গ্রেপ্তার করেছে।
অবৈধ মাদকের বিরুদ্ধে সাবেক এই প্রেসিডেন্টের চালানো অভিযানে ব্যাপক হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ২০১৬ থেকে ২০২২ সালে তার শাসনামলে এই অভিযানে হাজার হাজার লোক নিহত হয়। আইসিসি দুতার্তের শাসনামলে মাদক নির্মূলের নামে চালানো অভিযানে হত্যাকাণ্ডগুলোকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত করছে।
মানবাধিকার কর্মীরা বলছেন, হত্যাকাণ্ডের দায় এড়াতে ২০১৯ সালে ফিলিপাইনকে রোম সংবিধি থেকে প্রত্যাহার করে নেন দুতার্তে।







