৬ মাস পর সাবেক পৌর কমিশনারের লাশ উত্তোলন

অধিক সংখ্যক মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উত্তোলন প্রক্রিয়া দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
নরসিংদীর মাধবদীতে দাফনের প্রায় ৬ মাস পর সাবেক পৌর কমিশনার মোবারক হোসেনের লাশ উত্তোলন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (৬ মে) দুপুরে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য আদালতের নির্দেশে তার লাশ উত্তোলন হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে এ লাশ উত্তোলন করা হয়।
মোবারক হোসেন মাধবদী পৌর এলাকার গাংপাড় এলাকার মৃত তালেব হোসেন এর মেজো ছেলে। এসময় মোবারক হোসেনের পরিবারের লোকজন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিহতের স্বজনরা জানান, গত ২২ মার্চ শনিবার সকালে কবরস্থানে মোবারক হোসেনের কবর ঢেকে রাখা লোহার মাচা ও মাটি সরানো অবস্থায় দেখতে পায় স্বজনরা। এসময় খোঁড়া কবর থেকে একটি বোতল, আগুনে পোড়া কাপড়, পোড়া কাঠসহ বিভিন্ন আলামত দেখা যায়। এতে সন্দেহ হলে মৃত মোবারক হোসেনের ছেলে আবির হোসেন মাধবদী থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশী তদন্তের পরে বিষয়টির অভিযোগ আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালত কবর হতে লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী লাশ উদ্ধার করা হয়।
প্রায় ৬ মাস আগে হঠাৎ স্ট্রোক করে কমিশনার মোবারকের মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু ভেবে লাশ দাফন করে পরিবারের সদস্যরা। পরে বিভিন্ন আলামত ও সন্দেহবশত আদালতে যায় পরিবার।






