মৃত্যুর ১১ দিন পর খাল থেকে উদ্ধার হলেন ভারতীয় মডেল দিব্যা পাহুজা। গত ২ জানুয়ারি তিনি হত্যাকাণ্ডের শিকার হন, ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এমনটাই বলছে।
গুরুগ্রাম পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা জানান দিব্যা পাহুজাকে হত্যার পর তার মরদেহ একটি খালে ফেলে দেওয়া হয়। কিন্তু শুরুতে দিব্যার দেহ খুঁজে পাওয়া যাচ্ছিল না। কার্যত দুটি রাজ্যে জোরদার তল্লাশির পর শেষে ২০০ কিলোমিটার তল্লাশি চালিয়ে দিব্যার দেহ হরিয়ানার তোহানা এলাকার ভাকরা নামক একটি খাল থেকে উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানিয়েছে, মরদেহের ছবি দিব্যা পাহুজার পরিবারকে পাঠানো হয়েছে। শরীরের ট্যাটু দেখে সেটি তার মরদেহ বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারকে দেওয়া হবে।
এদিকে দিব্যা পাহুজাকে খুনের অভিযোগে সেই হোটেলের মালিক অভিজিৎ সিংহসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের পর ২ জানুয়ারি দিব্যার মরদেহ টেনেহিঁচড়ে হোটেল থেকে বের করে তোলা হয় বিএমডব্লিউ গাড়িতে। পুরো ঘটনাটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। পরে মরদেহটি পাঞ্জাবের ভাকরা খালে ফেলেন অভিযুক্ত ব্যক্তিরা। সেই মরদেহ গুরুগ্রাম থেকে ২০০ কিলোমিটার দূর পাওয়া গেছে।
কুখ্যাত গ্যাংস্টার ও প্রেমিক সন্দীপ গাডোলিকে হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল দিব্যা পাহুজার বিরুদ্ধে। সাত বছর কারাবাসের পর গত বছরের জুন মাসে বোম্বে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








