ক্রিকেট

৩০ দেশের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হবে এক্সপ্যাট ক্রিকেট বিশ্বকাপ

৩০ দেশের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হবে এক্সপ্যাট ক্রিকেট বিশ্বকাপ

প্রবাসী বাংলাদেশিদের এক আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে যুক্ত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ-২০২৭। প্রথমবারের মতো গড়াতে চলা এই আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বিশ্বের ৩০টি দেশের ক্রিকেট ক্লাব অংশ নেবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়, আর ফাইনাল হবে সংযুক্ত আরব আমিরাতে। ফাইনাল উপলক্ষে আয়োজিত গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এবি মিডিয়া গ্রুপের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, জাবেদ ওমর বেলিম, নারী ক্রিকেটার জান্নাতুল সুমনা ও বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবুসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজনটির প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এমন আয়োজন প্রবাসীদের জন্য দারুণ আয়োজন। যারা আমাদের রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন তাদেরকে উৎসাহিত করবে।’

তিনি আরও বলেন, ‘৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর উদাহরণ টেনে আমিনুল হক বলেন, ‘হামজা চৌধুরীরা যেমন বাংলাদেশ ফুটবলের ইমেজ সমৃদ্ধ করেছে। আমরা আশা করি, প্রবাসীদের মধ্যে কেউ জাতীয় ক্রিকেট দলে খেলবে এবং ইমেজ বাড়াবে।’

এ সময় দেশের ৪৯৫টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

এবি মিডিয়া গ্রুপের সিইও কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে হবে। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।’

টুর্নামেন্টের পরিকল্পনা তুলে ধরে কবির আহমেদ ভূঁইয়া জানান, উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ায় এবং ফাইনাল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ফাইনালের গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নেবেন বলেও জানান তিনি।

এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ বলেন, অনেক পরিশ্রমের পর এই আয়োজনের ঘোষণা দেওয়ার দিন এসেছে। বর্তমান সরকার ক্রীড়াবান্ধব উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ জন্য বিসিবিকে ধন্যবাদ জানান তিনি।

নির্জন মোশাররফ আরও জানান, টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজকেরা আইসিসির ইভেন্ট ম্যানেজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। মানসম্মত সম্প্রচার নিশ্চিত করতে একটি ওটিটি প্ল্যাটফর্মও চালু করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ‘বাংলাদেশিদের কাছে ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের শক্তিশালী বন্ধন। ক্রিকেটের মাধ্যমে হাজার মাইল দূরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা এবং তাঁদের মধ্যে দেশীয় পরিচয়, গর্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা সম্ভব।’

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি বলেন, ‘৩০টি দেশকে সম্পৃক্ত করে এমন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। টুর্নামেন্টটি ধারাবাহিকভাবে আয়োজনের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সংশ্লিষ্টরা একসঙ্গে কাজ করতে পারলে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম বলেন, ‘৩০টি দেশকে নিয়ে এমন একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।’

আয়োজকদের তথ্যমতে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান ও বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে।

এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭-এর ম্যাচ আয়োজনের জন্য অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়াকে নির্ধারণ করা হয়েছে। ক্রিকেটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের এক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত করা এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

বিষয়:আমিনুল এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭ এবি মিডিয়া গ্রুপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…