মাগুরায় আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে মোট ৪ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। মনোনয়ন সংগ্রহ করে বাড়ি ফেরার পথে মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটি গ্রেপ্তার হয়েছেন।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) তিনি গ্রেপ্তার হন।
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহকারীরা হচ্ছেন- বিএনপি থেকে মাগুরা-২ আসনে মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন ও মাগুরা-২ আসনের এমবি বাকের, মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটি।
এদিকে মনোনয়ন সংগ্রহ করে বাড়ি ফেরার পথে মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা শ্রীপুরের শ্রীকোল ইউানয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটি গ্রেপ্তার হয়েছেন।
গতকাল দুপুরে মাগুরা জেলা প্রশাসকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসের কার্যালয় থেকে মাগুরা এক আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। সেখান থেকে বাড়ি ফেরার পথে মাগুরা শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের সদস্যরা তার গাড়ি গতিরোধ করে পূর্ববর্তী একটি মামলার সন্দেহভাজন হিসাবে তাকে গ্রেপ্তার করে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।









