কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. আল আমিন সৈকত (৪০) নামে পৌরসভার সাবেক এক কাউন্সিলর নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে। নিহত সৈকত কার্যক্রম নিষিদ্ধ ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, রাতে গোপাল জিউর মন্দিরের সামনে অবস্থান করছিলেন সৈকত। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা সৈকতকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান বলেন, টিনপট্টি এলাকার একটি গলির ভেতরে দুর্বৃত্তদের হামলায় আল আমিন সৈকত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।









