ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত করেছে ফ্লাইদুবাই

ছবি: সংগৃহীত
মাঝআকাশে ককপিটের ভেতর দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনায় ইসরায়েলের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই। বুধবার ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
‘এফজেড১০৭৩’ ফ্লাইটে ১৭৪ জন যাত্রী ছিলেন। মাঝআকাশে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের মধ্যে সংঘর্ষ শুরু হলে উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইসরায়েলগামী এবং ইসরায়েল থেকে পরিচালিত সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি জানতে তদন্ত চলছে।
বিবৃতিতে বলা হয়, যাত্রী, ক্রু ও উড়োজাহাজের নিরাপত্তাই ফ্লাইদুবাইয়ের সর্বোচ্চ অগ্রাধিকার। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
এর আগে বুধবার সকালে ১৭৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে বোয়িং উড়োজাহাজটি উড্ডয়ন করে। আকাশে থাকার সময় ককপিটে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে অন্য ক্রু সদস্যরা ফ্লাইট ডেকের নিয়ন্ত্রণ নেন এবং উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে তাবুকে জরুরি অবতরণ করান।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, সংঘর্ষে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনই আহত হয়েছেন। অবতরণের পর তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে উড়োজাহাজের যাত্রী ও অন্য কেবিন ক্রুরা নিরাপদ ছিলেন।
ঘটনার তদন্ত শুরু করেছে সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টার। মাঝআকাশে পাইলটদের মধ্যে সংঘর্ষের কারণ এবং এ ঘটনায় উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাবিধি লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
এদিকে জরুরি অবতরণের পর যাত্রীদের জন্য দ্রুত একটি বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করে ফ্লাইদুবাই। পরে তারা ওই উড়োজাহাজে করে গন্তব্যের উদ্দেশে রওনা হন। হঠাৎ ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান সংস্থাটি।






