মানুষের কর্মকাণ্ডে হারিয়ে গেছে ৫ প্রজাতির পাখি, জাদুঘরে রয়ে গেছে স্মৃতি

যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে সংরক্ষিত পাঁচ প্রজাতির বিলুপ্ত পাখি যেন জীববৈচিত্র্য হারানোর এক করুণ স্মারক। অতিরিক্ত শিকার, বন উজাড়, আবাসস্থল ধ্বংস ও রোগব্যাধিসহ মানুষের নানা কর্মকাণ্ড কীভাবে পৃথিবী থেকে একটি প্রজাতিকে চিরতরে মুছে দিতে পারে, তারই সাক্ষ্য বহন করছে পাখিগুলো। একই সঙ্গে এসব নমুনা বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় বৈজ্ঞানিক গবেষণা ও সংরক্ষণ উদ্যোগের গুরুত্বও তুলে ধরছে।
বিলুপ্ত পাখিগুলো হলো বাখম্যানস ওয়ার্বলার, হিথ হেন, কাউয়াই ওও, ক্যারোলাইনা প্যারাকিট এবং প্যাসেঞ্জার পিজিয়ন। ‘ফ্রম দিজ ল্যান্ডস: শেয়ারিং আওয়ার ন্যাচারাল অ্যান্ড কালচারাল হেরিটেজ’ শীর্ষক একটি প্রদর্শনীতে পাখিগুলোর সংরক্ষিত নমুনা স্থান পেয়েছে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য, ওয়াশিংটন ডিসি ও পাঁচটি মার্কিন অঞ্চলের প্রতিনিধিত্বকারী প্রাকৃতিক ইতিহাসের ৬০০টির বেশি নিদর্শন নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। প্রজাতি বিলুপ্তির কারণ এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ওপর মানুষের কর্মকাণ্ডের প্রভাব সম্পর্কে দর্শনার্থীদের সচেতন করাই এর উদ্দেশ্য।
পাঁচ পাখির বিলুপ্তির পাঁচ কারণ
পাঁচ প্রজাতির পাখির বিলুপ্তির পেছনে রয়েছে ভিন্ন ভিন্ন কারণ। কোথাও আবাসস্থল ধ্বংস, কোথাও অতিরিক্ত শিকার, আবার কোথাও বহিরাগত শিকারি প্রাণী ও রোগব্যাধি কেড়ে নিয়েছে তাদের অস্তিত্ব।
জলপাই, কালো ও হলুদ রঙের বাখম্যানস ওয়ার্বলারকে সর্বশেষ ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার চার্লসটনের আশপাশে বন্য পরিবেশে দেখা গিয়েছিল। ২০০২ সালে ১৬৬ ঘণ্টা ধরে বিস্তৃত অনুসন্ধান চালিয়েও পাখিটির সন্ধান পাননি গবেষকেরা। পরে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস প্রজাতিটিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে। প্রজনন ও শীতকালীন আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়া এর বিলুপ্তির অন্যতম কারণ বলে ধারণা করা হয়।
গ্রেটার প্রেইরি-চিকেনের একটি উপপ্রজাতি হিথ হেন বিলুপ্ত হয়েছে অতিরিক্ত শিকারসহ নানা প্রতিকূলতায়। ম্যাসাচুসেটসের মার্থাস ভিনইয়ার্ড দ্বীপে একসময় এদের শেষ জনগোষ্ঠী টিকে ছিল। দাবানল, তীব্র শীত, শিকারি প্রাণীর আক্রমণ ও রোগব্যাধির সম্মিলিত প্রভাবে শেষ পর্যন্ত হারিয়ে যায় পাখিটি।
হাওয়াইয়ের কাউয়াই দ্বীপের বনাঞ্চলে একসময় পরিচিত কণ্ঠস্বর ছিল কাউয়াই ওও পাখির। আবাসস্থল ধ্বংস, মশাবাহিত রোগ এবং বহিরাগত স্তন্যপায়ী প্রাণীর শিকারের কারণে এ প্রজাতির বিলুপ্তি ঘটে।
উজ্জ্বল রঙের ক্যারোলাইনা প্যারাকিট বিলুপ্ত হয়েছে বন উজাড়, শিকার, রোগব্যাধি এবং পোষা পাখির বাণিজ্যের কারণে। অন্যদিকে, একসময় উত্তর আমেরিকার আকাশজুড়ে বিশাল ঝাঁকে উড়ে বেড়ানো প্যাসেঞ্জার পিজিয়ন অনিয়ন্ত্রিত শিকার ও আবাসস্থল ধ্বংসের শিকার হয়। এদের সর্বশেষ পরিচিত পাখি ‘মার্থা’ ১৯১৪ সালে সিনসিনাটি চিড়িয়াখানায় মারা যায়।
পাখি বিলুপ্তির পেছনে মানুষের বড় ভূমিকা
বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে পাখির বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হওয়ার পেছনে মানুষের কর্মকাণ্ডের বড় ভূমিকা রয়েছে।
যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির পরিবেশবিষয়ক মডেল বিশ্লেষক রব কুকের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে প্রকাশিত এক গবেষণায় গত ১ লাখ ৩০ হাজার বছরে অন্তত ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ প্রজাতির পাখি বিলুপ্ত হওয়ার অনুমান করা হয়েছে। জীবাশ্ম রেকর্ড ও নথিভুক্ত বিলুপ্তির তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, প্রকৃত সংখ্যা আগে ধারণা করা সংখ্যার প্রায় দ্বিগুণ হতে পারে।
গবেষণায় উঠে এসেছে, পাখির প্রায় ৯০ শতাংশ বিলুপ্তির ঘটনা ঘটেছে দ্বীপাঞ্চলে। এসব এলাকায় প্রজাতিগুলোর বিস্তৃতি সীমিত হওয়ায় বহিরাগত শিকারি প্রাণীর আগ্রাসনে তারা বিশেষভাবে ঝুঁকিতে পড়ে।
বর্তমানে টিকে থাকা পাখিরাও নিরাপদ নয়। বার্ডলাইফ ইন্টারন্যাশনালের ২০২৬ সালের সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে পরিযায়ী পাখির ৪৫ শতাংশ প্রজাতির সংখ্যা কমছে। প্রতি ৯টি প্রজাতির মধ্যে একটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেও বিভিন্ন অঞ্চলে পাখির আবাসস্থল বদলে যাচ্ছে।
বিলুপ্ত পাখি থেকেও নতুন গবেষণার সুযোগ
জাদুঘরে সংরক্ষিত পাখিগুলো শুধু অতীতের স্মারক নয়, বৈজ্ঞানিক গবেষণারও গুরুত্বপূর্ণ উপাদান। এসব নমুনার শারীরিক বৈশিষ্ট্য পরিমাপ এবং শরীরের বিভিন্ন অংশ থেকে সংগৃহীত টিস্যু বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বিলুপ্ত প্রজাতির জিনগত বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারেন। এমনকি এসব নমুনা থেকে জিনোম পুনর্গঠনেরও সুযোগ রয়েছে।
জাদুঘরটির উত্তর আমেরিকার প্রত্নতত্ত্ববিষয়ক কিউরেটর টরবেন রিক বলেন, জিনগত গবেষণার মাধ্যমে বিলুপ্ত ও বর্তমানে টিকে থাকা প্রজাতির বিবর্তনীয় সম্পর্ক জানা যায়। একই সঙ্গে বিলুপ্তির আগে কোনো প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্য কমে গিয়েছিল কি না, সেটিও শনাক্ত করা সম্ভব।
এ ছাড়া পাখির পালকের নমুনায় স্থিতিশীল আইসোটোপ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অতীতের খাদ্যাভ্যাস, পরিযানের ধরন ও পরিবেশগত অবস্থা সম্পর্কে ধারণা পেতে পারেন। এসব গবেষণা অতীতের বাস্তুতন্ত্র বুঝতে এবং পরিবেশগত পরিবর্তন টিকে থাকা প্রজাতির ওপর কী প্রভাব ফেলছে, তা বিশ্লেষণে সহায়তা করে।
গুয়াম রেল দেখাচ্ছে আশার আলো
প্রদর্শনীতে বিলুপ্তির পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে সাফল্যের উদাহরণও তুলে ধরা হয়েছে। এর একটি গুয়াম রেল। দ্বীপাঞ্চলের এ পাখিটি প্রায় ৪০ বছর ধরে বন্য পরিবেশে বিলুপ্ত হিসেবে বিবেচিত ছিল। তবে বন্দি অবস্থায় প্রজনন এবং পরে বন্য পরিবেশে অবমুক্ত করার সমন্বিত কর্মসূচির মাধ্যমে পাখিটির সংখ্যা পুনরুদ্ধার সম্ভব হয়েছে।
প্যাসেঞ্জার পিজিয়ন ও গুয়াম রেলের অভিজ্ঞতা দেখিয়েছে, সময়মতো বৈজ্ঞানিক হস্তক্ষেপ ও পরিকল্পিত সংরক্ষণ কর্মসূচি বিপন্ন প্রজাতির অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্দি অবস্থায় প্যাসেঞ্জার পিজিয়নের শেষ জীবিত পাখিগুলোর প্রজননের চেষ্টা সফল হয়নি। বিপরীতে, গুয়াম রেলকে আবারও প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পাখির বিলুপ্তি শুধু একটি প্রজাতি হারানোর ঘটনা নয়। বীজের বিস্তার ও উদ্ভিদের পরাগায়ণসহ বাস্তুতন্ত্রের নানা গুরুত্বপূর্ণ কাজে পাখির ভূমিকা রয়েছে। ফলে কোনো প্রজাতি হারিয়ে গেলে বৃহত্তর পরিবেশব্যবস্থার ওপরও এর প্রভাব পড়ে।
টরবেন রিক বলেন, মানুষের কর্মকাণ্ড পরিবেশের ব্যাপক ক্ষতি করেছে। তবে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সেই ক্ষতির কিছুটা বিপরীতমুখী পরিবর্তন ঘটানো সম্ভব।
প্রদর্শনীর মাধ্যমে জাদুঘর কর্তৃপক্ষের বার্তা, বিলুপ্ত পাঁচ প্রজাতির পাখিকে শুধু অতীতের ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এগুলো বর্তমানের জন্য সতর্কবার্তা। বৈজ্ঞানিক গবেষণা, লক্ষ্যভিত্তিক সংরক্ষণ কর্মসূচি এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে এখনো টিকে থাকা বিপন্ন প্রজাতিগুলোকে রক্ষা করা সম্ভব।





