সিঙ্গেলস ডে ১১/১১: সঙ্গী নেই, তবু থেমে নেই উদযাপন

প্রেম, ভালোবাসা আর সম্পর্কের জন্য নানা দিবস থাকলেও যারা সিঙ্গেল, তাদের জন্যও রয়েছে একটি বিশেষ দিন। ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। বিশ্বজুড়ে দিনটি উদযাপন করা হয় একা থাকার অভিজ্ঞতা ও স্বাধীনতাকে ঘিরে।
চীনে এই দিবসের প্রচলন শুরু হয়। তারিখটির পেছনেও রয়েছে মজার একটি কারণ। ১১/১১ চারটি ‘১’ সংখ্যা সিঙ্গেল বা একা থাকার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
সিঙ্গেল থাকা মানেই যে একাকিত্ব বা মন খারাপ, বিষয়টি এমন নয়। নিজের মতো করে সময় কাটানো, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া কিংবা নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ার সুযোগও থাকে এতে।
তবে সিঙ্গেলদের জীবনেও যে খুব একটা ঝামেলা নেই, তা কিন্তু নয়। আত্মীয়দের ‘বিয়ে কবে?’, বন্ধুদের ‘কাউকে পছন্দ হয়েছে?’ কিংবা কোনো অনুষ্ঠানে গেলেই সম্পর্ক নিয়ে প্রশ্ন এসবের মুখোমুখি হতে হয় অনেককেই। অর্থাৎ প্রেম না থাকলেও প্রশ্নের অভাব নেই!
অন্যদিকে, সম্পর্কে থাকলেই যে মানুষ সুখী, এমনটিও নয়। আবার সিঙ্গেল হলেই যে কেউ একাকী, সেটিও ঠিক নয়। সম্পর্কের অবস্থান যাই হোক, মানসিক শান্তি ও ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক সিঙ্গেলস ডে তাই শুধু সিঙ্গেলদের জন্য একটি উদযাপনের দিন নয়, বরং মনে করিয়ে দেওয়ার উপলক্ষ নিজের সঙ্গে ভালো থাকাও জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
দিনশেষে, প্রেম থাকুক কিংবা না থাকুক, জীবন চলবে নিজের গতিতেই। আর সিঙ্গেলদের জন্য বিশেষ বার্তা একা আছি, ভালোই আছি; তবে আত্মীয়দের প্রশ্ন থেকে একটু দূরে থাকলেই ভালো!






